রামেকে জনবল নিয়োগ প্রশ্নে সংসদীয় কমিটি

আপডেট : ২০ আগস্ট ২০১৩, ২২:১৫
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে জনবল নিয়োগের ব্যাপারে দুই সদস্য বিশিষ্ট সংসদীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে পাস করানোর জন্য ‘মাতৃদুগ্ধ বিকল্প শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ, ইত্যাদি) আইন, ২০১৩’ রিপোর্ট চূড়ান্ত করা হয়। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব কথা জানানো হয়। সংসদ সচিবালয় জানায়, কমিটির সদস্যরা মাতৃদুগ্ধ বিকল্প শিশু খাদ্য বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ, ইত্যাদি) আইন, ২০১৩ সম্পর্কিত বিল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কমিটি বিলটি পুঙ্ক্ষানুপুঙ্ক্ষভাবে যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজনপূর্বক রিপোর্ট চূড়ান্ত করেছে। আসন্ন সংসদ অধিবেশনে এ বিলটি পাস হতে পারে। অপরদিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে জনবল নিয়োগের বর্তমান অবস্থা সম্পর্কে বৈঠকে বিশদ আলোচনা করা হয়। তারপরও কমিটি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জনবল নিয়োগের বর্তমান অবস্থা জানতে চায়। আর এ জন্য দুই সদস্যের সংসদীয় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির আহ্বায়ক আমানুর রহমান খান রানা এবং সদস্য জেড.আই.এম. মোস্তফা আলী। স্থায়ী কমিটি গঠিত তদন্ত কমিটিকে আগামী বৈঠকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছে। বৈঠকে এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) এর গোপালগঞ্জ ইউনিটের সর্বশেষ অবস্থা সম্পর্কে আলোচনা হয়। কমিটি ইডিসিএল-এর গোপালগঞ্জ ইউনিটের কার্যক্রম দ্রুত শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে। কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক, প্রতিমন্ত্রী ডা. মজিবুর রহমান ফকির, মোহাম্মদ আমানউল্লাহ, জেড.আই.এম. মোস্তফা আলী এবং আমানুর রহমান খান রানা বৈঠকে অংশগ্রহণ করেন। স্বাস্থ্য সচিব মো. নিয়াজউদ্দিন মিয়াসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।