চীনের নৌবাহিনীর হাসপাতাল জাহাজ আর্ক পিস ছয় দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে। সোমবার সকাল জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর সহকারি প্রধান (লজিস্টিকস) রিয়ার অ্যাডমিরাল সাইফুল কবীর চীনা জাহাজটিকে স্বাগত জানান। পরে চট্টগ্রাম বন্দর জেটিতে এক অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লী জুন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আর্ক পিস জাহাজের শুভেচ্ছা সফরের মধ্যদিয়ে বাংলাদেশ ও চীনের ভ্রাতৃপ্রতীম জনগণের বন্ধুত্ব আরো সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন। ১৭৮ মিটার দৈর্ঘ্য ও ২৪ মিটার প্রস্থের আর্ক পিস জাহাজটি চীনা নৌবাহিনীর অন্যতম প্রযুক্তি নির্ভর চিকিত্সা সরঞ্জাম সমৃদ্ধ অত্যাধুনিক হাসপাতাল। এতে বিশেষজ্ঞ চিকিত্সকসহ মোট ৪১৩ জন কর্মকর্তা ও নাবিক রয়েছেন। জাহাজটি আগামী ২৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। এ সময় জাহাজের চিকিত্সকরা স্থানীয় দুঃস্থ ও দরিদ্র জনসাধারণকে বিনামূল্যে চিকিত্সা সেবা প্রদান করবে। জাহাজটি আগামী ২৬ আগস্ট মিয়ানমারের উদ্দেশে চট্টগ্রাম বন্দর ছেড়ে যাবে।
