নাস্তিক মুরতাদরা রেহাই পাবে না :আল্লামা শফী

আপডেট : ২০ আগস্ট ২০১৩, ২৩:১৫
হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, যে দেশে আল্লাহর রাসুলের কুত্সা রটনা ও তার শানে বেয়াদবি করা হয় সে দেশে আল্লাহর গজব নেমে আসে। যারা ইসলামবিদ্বেষী নাস্তিক-মুরতাদ ও খোদাদ্রোহীদের পৃষ্ঠপোষকতা এবং আশ্রয়-প্রশ্রয় দিয়েছে তারা আল্লাহর শাস্তি থেকে রেহাই পাবে না। ইতিহাসে তার অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। গতকাল চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দারুল উলূম মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের এক সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, শাপলা চত্বরে গণহত্যা চালিয়ে, মিথ্যা মামলা দিয়ে, হয়রানি করে, নানা রকম অপপ্রচার রটিয়ে এই আন্দোলন স্তব্ধ করা যাবে না। শিগগিরই শীর্ষ ওলামা-মাশায়েখদের সম্মেলন ডেকে কর্মসূচি ঘোষণা করা হবে। আল্লামা শফী দেশের শান্তি-স্থিতিশীলতা রক্ষা, যাবতীয় অন্যায়-অনাচার ও পাপাচার থেকে মুক্তি, ৫ মে’র শহীদদের মর্যাদা বুলন্দি, আহতদের আশু সুস্থতা কামনায় আগামী ৩০ আগস্ট শুক্রবার সারাদেশে দোয়া দিবস ঘোষণা করেন। তিনি দোয়া দিবসের আগে প্রত্যেক এলাকায় খতমে কুরআন, খতমে জালালী, খতমে বুখারী ও দোয়া ইউনুসের খতম সম্পন্ন করে জুমার দিন সারাদেশে বিভিন্ন মাদ্রাসা ও মসজিদে আসর নামাজের পর একযোগে দোয়া পরিচালনা করার জন্য সর্বস্তরের আলিম-ওলামা, ইমাম-খতিব ও নবীপ্রেমিক তাওহিদী জনতার প্রতি আহ্বান জানান। প্রত্যেক গ্রামে-ওয়ার্ডে ইসলামের মৌলিক আকীদা-বিশ্বাস, নাস্তিক-মুরতাদদের তত্পরতা সম্পর্কে জনগণকে সচেতন করা, ইসলামে নারী-পুরুষের শালীন ও পরিশুদ্ধ জীবন-যাপন, ক্রমবর্ধমান সামাজিক অবক্ষয় রোধে নৈতিকতা চর্চা এবং হেফাজতে ইসলামের ১৩ দফা সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির জন্য আলোচনা সভা, ওয়াজ মাহফিল ও তৃণমূল পর্যায়ে হেফাজতের কমিটি গঠনের জন্য সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি তিনি নির্দেশ দেন। সভায় আল্লামা আহমদ শফী বলেন, হেফাজতে ইসলামের আন্দোলন খালেছ ও শান্তিপূর্ণ ঈমানী আন্দোলন। ক্ষমতার কোনো মোহ আমাদের নেই। আমরা রাসূলের প্রেমিক, তাই রাসূলের ইজ্জতের ওপর আঘাত এলে ঘরে বসে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই শাহবাগী কতিপয় নাস্তিক যখন আল্লাহকে ফাঁসি দেয়া হবে, কুরআন বাজেয়াপ্ত করা হোক, রাসূল মহাউন্মাদ নাউযুবিল্লাহ ইত্যাদি চরম ধৃষ্টতাপূর্ণ কথা ব্লগে লিখে প্রচার করার দুঃসাহস দেখায় তখন সারাদেশের আলিম-ওলামা ও তাওহিদী জনতাকে তাদের শাস্তির দাবিতে গর্জে উঠেছে। আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র নায়েবে আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা শামসুল আলম, আল্লামা আবদুল মালেক হালিম, মহাসচিব আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী, মাওলানা সালাহুদ্দিন নানুপুর, মুফতি জসিমুদ্দিন, মাওলানা ফুরকান আহমদ, মাওলানা মুঈনুদ্দিন রূহী, মাওলানা কাতেব ইলিয়াস ওসমানী, মাওলানা আনাস মাদানী, মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মুফতি হারুন ইজহার, মাওলানা আহমদ দিদার, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মুসা বিন ইজহার, হাফেজ মোজ্জাম্মেল হক, মাওলানা শফিউল আলম, মাওলানা মীর মুহাম্মদ ইদরিস ও মক্কা শাখার সেক্রেটারী মাওলানা হাফেজ কাউসার খলিল, মাওলানা যাকারিয়া নোমান ফয়জী ও মাওলানা বেলালুদ্দিন প্রমুখ। অবিলম্বে মুক্তি দাবি হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ্ আহমদ শফী ও মহাসচিব আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী এক যুক্ত বিবৃতিতে নারায়ণগঞ্জ জেলা হেফাজতের সভাপতি মাওলানা আবদুল আউয়াল, সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কাদের, সহ-সভাপতি মাওলানা আজিজুল হক, মাওলানা ফেরদাউস আহমদ, মাওলানা শামসুদ্দোহা ও মাওলানা আবদুর রহমানসহ নেতৃবৃন্দকে গ্রেফতারের তীব্র নিন্দা এবং তাদের অবিলম্বে মুক্তি দাবি করেন।