গুলশানে মিসর দূতাবাস উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। হুমকিদাতারা নাম-পরিচয় দেয়নি।
কায়রোতে মুসলিম ব্রাদারহুডের সমর্থকদের নির্বিচারে হত্যা করা হচ্ছে, এর প্রতিশোধ হিসেবে ল্যান্ড ও মোবাইল ফোনে দূতাবাস উড়িয়ে দেয়ার কথা বলেছে হুমকিদাতারা। দূতাবাস কর্তৃপক্ষ এ অবস্থায় আগামী দশদিনের জন্য কন্স্যুলার শাখা বন্ধসহ সাধারণের সঙ্গে যোগাযোগ না করার সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল মঙ্গলবার দূতাবাসের প্রেস বিজ্ঞপ্তিতে নিরাপত্তার কারণে ২১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত কন্স্যুলার শাখা বন্ধ ঘোষণার কথা জানানো হয়।
গুলশান ২ নম্বর-এ ৯০ নম্বর সড়কে অবস্থিত মিসর দূতাবাস ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। দূতাবাসের কূটনীতিক ও কর্মচারীদের চলাফেরায় সতর্ক থাকতে বলা হয়েছে।
ভিসা বা অন্যান্য প্রয়োজনে কেউ মিসর দূতাবাসে গেলে অতিরিক্ত নিরাপত্তা ও তল্লাশীর নির্দেশ দেয়া হয়েছে। তাদের প্রবেশাধিকার দেয়া হচ্ছে না। ভিসা প্রদান আপাতত: বন্ধ থাকবে বলে কূটনৈতিক সূত্র জানায়।
গত তিন দিন ধরে দূতাবাসে কয়েকটি উড়ো চিঠি আসে। চিঠিতে মুসলিম ব্রাদারহুডের অনুসারীরা বাংলাদেশে সক্রিয় আছে বলা হয়। টেলিফোন ও মোবাইলে বেশ কয়েকবার হুমকি দিয়ে কল আসে বলে একজন কর্মকর্তা জানান।
দূতাবাসের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা বাহিনীকে সঠিক বিষয় জানানো ও নিরাপত্তা চাওয়া হয়।
চ্যান্সরি পুলিশ, গুলশান থানা পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ ও র্যাব মিসর দূতাবাস ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। র্যাবের মিডিয়া এন্ড লিগ্যাল উইং শাখার পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমান দৈনিক ইত্তেফাককে জানান, হুমকি দেয়ার বিষয়টি র্যাব অবগত আছে। পুলিশের সঙ্গে সমন্বয় করে র্যাবের বিশেষ টিম কাজ করছে। দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
