ইরাকে হামলা চলছেই আরো ৩৫ জন নিহত

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২১:৪৪
ইরাকের বিভিন্নস্থানে গত মঙ্গলবার সহিংসতায় ৩৫ জন নিহত হয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী নূরী আল মালিকী রক্তপাত বন্ধে কঠোর অভিযান পরিচালনার অঙ্গীকার করেছেন। ২০০৮ সাল থেকে চলে আসা সহিংসতায় ইতিমধ্যে ৩৫০০ ইরাকী নিহত হয়েছে। -খবর ডন ডটকমের। তবে কূটনীতিক ও বিশ্লেষকরা বলছেন, এখন পর্যন্ত ইরাক অস্থিরতার প্রধান কারণটিই শনাক্ত করতে পারেনি। গত মঙ্গলবার রাজধানী বাগদাদের দক্ষিণে ছয়টি গাড়ি বোমা বিস্ফোরণে ১০ বেসামরিক ব্যক্তি ও এক পুলিশ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৯৮ জন। এদিকে বাগদাদের উত্তরে একটি ক্যাফেতে বোমা বিস্ফোরণে ৫ জন নিহত হয়েছে। বন্দুকধারীরা নগরীর উত্তরে দুই পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। রাজধানীর উত্তরে নিহত হয়েছে ১৬ জঙ্গি। নিরাপত্তা সমস্যা, শিয়া-সুন্নী সংঘর্ষের কারণে প্রায়ই ইরাকে সহিংসতার ঘটনা ঘটে। তবে ইরাকের নিরাপত্তা বাহিনী এই সংকট সমাধানে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। বিদেশি মিশন ও কূটনীতিকরা বেশ কয়েক বছর ধরেই দেশে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনার জন্য ইরাক সরকারকে আহবান জানিয়ে আসছে।