যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করে দেয়া গোয়েন্দা তথ্য প্রথম ছেপে দেয়া সাংবাদিক গ্রিনওয়াল্ড আরো গোপন তথ্য ছাপবেন বলে জানিয়েছেন। গ্রিনওয়াল্ডের সঙ্গী ডেভিড মিরান্ডা হিথরো বিমানবন্দরে দীর্ঘ জেরার মুখে পড়ার পর এ অঙ্গীকার করলেন তিনি। ব্রিটেন যা করেছে সেজন্য তাদেরকে পস্তাতে হবে বলেও মন্তব্য করেন গ্রিনওয়াল্ড। রবিবার বার্লিন থেকে ব্রাজিল যাওয়ার পথে মিরান্ডাকে জঙ্গি দমন আইনে আটকায় ব্রিটিশ পুলিশ। সেখানে দীর্ঘ ৯ ঘণ্টা জেরা করা হয় তাকে। পরে তাকে ছেড়ে দেয়া হলেও পুলিশ জব্দ করে তার ল্যাপটপ, সেলফোন এবং ডিভিডিও। আইনের নামে এ হয়রানি নিয়ে প্রশ্ন উঠেছে। যুক্তরাজ্যের ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকার কলামিস্ট গ্রিনওয়াল্ড এ সম্পর্কে বলছেন, তিনি যুক্তরাষ্ট্রের গোপন নজরদারি নিয়ে স্নোডেনের তথ্য ফাঁস করে দিয়েছেন।
