কাপাসিয়ায় সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ নেই

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২১:৫২
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় একটিও সরকারি উচ্চ বিদ্যালয় এবং কলেজ নেই। ফলে দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা অর্থাভাবসহ নানা সুযোগ-সুবিধা বঞ্চিত হয়ে অকালে শিক্ষা জীবন থেকে ঝরে পড়ছে। উপজেলার ১১টি ইউনিয়নে জনসংখ্যা প্রায় সাড়ে ৪ লাখ। উপজেলার প্রত্যন্ত পল্লী অঞ্চলে এলাকায় ১৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৪৪ টি বেসরকারী/ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় আছে। অনুদানভুক্ত ৪টি স্বতন্ত্র এবতেদায়ীসহ মোট ৮১টি এবতেদায়ী মাদ্রাসা রয়েছে। এছাড়া ৭২টি উচ্চ বিদ্যালয়, ৪০ টি দাখিল মাদ্রাসা আলিম মাদ্রাসা ১৬টি, ১০ টি ফাজিল মাদ্রাসা এবং ১টি কারিগরি ও ১টি মহিলা কলেজসহ ৭টি বেসরকারি কলেজ রয়েছে। উপজেলায় প্রতি বছর প্রায় ১০ হাজার শিক্ষার্থী উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়। যাদের অধিকাংশ দরিদ্র কৃষকের সন্তান। এদের নগন্য সংখ্যক শিক্ষার্থী গাজীপুর সদর অথবা ঢাকায় ভাল ও সরকারি কলেজে ভর্তি হবার সুযোগ পাবে। যদিও বা সুযোগ পায় তবু জেলা সদরে অথবা ঢাকায় থেকে লেখাপড়া চালানোর মত আর্থিক সঙ্গতি নেই অধিকাংশের। বাকিদের উপজেলার অজপাড়া গাঁয়ের বেসরকারি কলেজে ভর্তি হবে। এখানে সরকারি কলেজ না থাকায় সবার মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।