আড়াই কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে টাঙ্গাইল জেলার মির্জাপুরের সাব-রেজিস্ট্রার ড. মো. আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী জিনিয়া ফেরদৌসের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার রাজধানীর রমনা মডেল থানায় দুদকের টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বাদি হয়ে মামলা দুটি দায়ের করেন।
রমনা থানায় দায়ের করা একটি মামলার এজাহারে বলা হয়েছে, মির্জাপুরের সাব-রেজিস্ট্রার ড. মো. আব্দুর রাজ্জাক অবৈধ উপায়ে অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত অর্থের দ্বারা ১ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পদের মালিকানা অর্জন করেন।
তিনি ১৯৯৪ সালে সাব-রেজিস্ট্রার হিসেবে চাকরিতে যোগদান করেন। চাকরির আয় ছাড়া তার অন্য কোনো বৈধ আয়ের উত্স নেই। অথচ তিনি ঢাকার গ্রীন রোডে ৯তলা ভবনে কার পার্কিংয়ের জায়গাসহ একটি ফ্ল্যাট এবং ধানমন্ডি আবাসিক এলাকায় ৬তলা ভবনে কার পার্কিংয়ের জায়গাসহ একটি ফ্ল্যাট ক্রয় করেন। যা দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তিনি উল্লেখ করেননি।
অপর মামলার এজাহারে বলা হয়েছে, ড. মো. আব্দুর রাজ্জাকের স্ত্রী জিনিয়া ফেরদৌসের কোনো বৈধ আয়ের উত্স না থাকা সত্ত্বেও অবৈধ উপায় অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত অর্থের দ্বারা তার নিজ নামে ১ কোটি ৫৪ লাখ ৩১ হাজার ৯১৮ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের মালিকানা অর্জন করেছেন।
