সমপ্রতি সংঘটিত খাগড়াছড়ির তাইন্দংয়ে সহিংসতার ঘটনা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার দাবি জানিয়েছে তাইন্দং পরিদর্শক দল।
বুধবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এই দাবি জানানো হয়। রাজনীতিবিদ-আইনজীবী-মানবাধিকার কর্মী-সাংবাদিক-পেশাজীবী সমন্বয়ে ১১ সদস্যের কমিটি তাইন্দং পরিদর্শন করেন।
সাংবাদিক সম্মেলনে সরকারের কাছে দাবি জানিয়ে বলা হয়, মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের পাহাড়ি জনগণের জীবন এবং সম্পদের নিরাপত্তা দিতে জরুরি ব্যবস্থা নিতে হবে। পাহাড়ি জনগণের গৃহনির্মাণ ও প্রয়োজনীয় আসবাবপত্রের ক্ষতিপূরণ এবং হামলার সাথে জড়িতদের গ্রেফতার এবং বিচার করতে হবে।
সাংবাদিক সম্মেলনে পরিদর্শক দলের সমন্বয়ক ব্যারিস্টার সাদিয়া আরমান, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সালীম সামাদ, গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক মাইকেল চাকমা, দৈনিক স্বাধীনমতের সিটি এডিটর বেলায়েত হোসেন, প্রকৌশলী কল্লে¬াল মোস্তফাসহ অন্যরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্য উপস্থাপন করেন জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ডা. ফয়জুল হাকিম।
সাংবাদিক সম্মেলনে বলা হয়, গত ৩ আগস্ট দুপুর সাড়ে বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত কয়েকটি গ্রামের ৩৮টি পাহাড়ি ঘরে অগ্নিসংযোগের ঘটনা, হামলা ও লুটপাট সকলই ছিল পরিকল্পিত। এই হামলার মূল উদ্দেশ্য হল সীমান্ত সংলগ্ন এই অঞ্চল হতে জাতিসত্তার জনগণকে উচ্ছেদ করে ভূমি দখল করা। এই কাজ সম্পন্ন করতে হলে নিজ ভূমি থেকে পাহাড়িদের উত্খাতই হচ্ছে লুটেরাদের সহজ পথ।
