নেত্রকোনা জেলার পূর্বধলার ঐতিহ্যবাহী চাপিলা মাছ জন্মায় বিখ্যাত রাজধলা বিলে। বিশাল এই বিলে কচুরিপানা নেই। এখানে কচুরিপানা জন্মায়ই না। এমনকি আগাছাও জন্মায় না। এ বিল স্বচ্ছ পানির জন্য খ্যাত বলেই ধলান (ধলা মানে স্বচ্ছ) নমে পরিচিতি পায়। কিন্তু এক সময় পূর্বধলার জমিদাররা এ বিল দখল করে নেয় এবং প্রজাদের ব্যবহারে নিষেধ করে। এ কারণেই ধলা বিল হয়ে যায় রাজধলা বিল, যা এখন ইতিহাসের অংশ।
জানা যায়, ১৩০ একর জমি নিয়ে এ বিল। এ বিলের মাছ অত্যন্ত সুস্বাদু। বিশেষ করে রাজধলা বিলের চাপিলা মাছ দেশখ্যাত। প্রায় ৫ থেকে ৬ ইঞ্চি লম্বা এই চাপিলা মাছের স্বাদই আলাদা। অনেকটা ইলিশের স্বাদের মতো। ইদানীং এ বিলে চাপিলা মাছের পাশাপাশি রুই, কাতল, মৃগেল, কার্ফু, চিতল, থাই স্বরপুঁটি, ঘনিয়াসহ নানা জাতের মাছের আবাদ হচ্ছে।
বর্তমানে ‘রাজধলা সমাজভিত্তিক মত্স্যজীবী সমবায় সমিতি’র মাধ্যমে এখন বিলটি চলে। এ সমিতির সদস্য সংখ্যা হচ্ছে ৬৩ জন। সমিতি মত্স্য অধিদপ্তর থেকে ১০ বছরের জন্য লিজ নিয়ে এখানে মাছের চাষ করছে। প্রতিবছর সমিতিকে লিজের জন্য ৪ লাখ ৩৬ হাজার টাকা সরকারকে দিতে হয়। প্রতিবছর ৬ লাখ টাকার নানান জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। সবকিছু মিলিয়ে সমিতির বছরে খরচ পড়ে ১২ লাখ টাকার মত। প্রতি বছরে তারা আয় পেয়ে থাকেন ৩২ লাখ টাকা ।
সমিতির সভাপতি সুনিল চন্দ্র দাস এবং সম্পাদক স্বপন চন্দ্র দাস এই প্রতিনিধিকে বলেন, সমিতির সদস্যদের সারাদিন কাজ করতে হয় না। মাত্র ঘন্টা তিনেক কাজ করেই প্রতি সদস্য বছরে ৩০ হাজার টাকা পান। সবকিছু মিলিয়ে এই সমিতির সকল সদস্যই ভালো আছেন।
