নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২২:১৮
নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল হামিদ স্ত্রী হত্যার অভিযোগে পূর্বধলা উপজেলার বারহা গ্রামের নজরুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। মোট ৫ আসামির মধ্যে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে বেকসুর খালাস প্রদান করেন এবং মামলা চলাকালে একজন মারা যায়। দীর্ঘ ১৩ বছর মামলা চলার পর গতকাল বুধবার এই রায় প্রদান করা হয়। মামলা সূত্রে জানা গেছে, আসামি নজরুল ইসলাম প্রথম বিবাহের কিছুদিন যেতে না যেতেই দ্বিতীয় বিবাহের জন্য আগ্রহ প্রকাশ করে এবং প্রথম স্ত্রী আরজু খাতুনের কাছে দ্বিতীয় বিবাহের অনুমতি চায়। কিন্তু প্রথম পক্ষের স্ত্রীর কাছ থেকে দ্বিতীয় বিবাহের অনুমতি না পাওয়ায় নজরুল ইসলাম ১৯৯৯ সালের ১৩ ডিসেম্বর রাতে স্ত্রী আরজুকে হত্যা করে নিকটবর্তী পুকুরে ফেলে দেয়। একদিন পর পুকুরে লাশ ভেসে উঠলে পুলিশ লাশ উদ্ধার করে। আরজুর পিতা আমজাদ আলী বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা দায়ের করেন। বিজ্ঞ বিচারক উভয়পক্ষের সাক্ষ্য-প্রমাণাদি গ্রহণান্তে উপরোক্ত রায় প্রদান করেন।