কেন্দুয়ায় রোকন হত্যার আসামিরা ধরা পড়েনি

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২২:২০
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের পেচন্দরী বানীপুর গ্রামের দিনমজুর রোকন উদ্দিন (৩৮) খুনের আসামিরা মামলার এক মাসেও ধরা পড়েনি। এতে বাদির পরিবার ও নিহতের স্বজনরা দিন কাটাচ্ছেন আতঙ্কে। মামলা সূত্রে জানা যায়, চাচা কামাল উদ্দিন ওরফে কমল মিয়ার জমির আইল কাটা নিয়ে প্রতিবেশী কাজল মিয়ার সাথে রোকনের চাচাত ভাই হারিছ মিয়ার কথাকাটাকাটি হয়। এরই জেরে গত ১৯ জুলাই দুপুরে আসামিরা তাদের বাড়িতে সশস্ত্র হামলা চালায়। হামলায় বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই খুন হন দিনমজুর রোকন মিয়া। এবং এসময় আহত হন তারই চাচা আব্দুর রহিম, আরজু মিয়া ও ফুফু শাহেদা আক্তার। এ ঘটনায় পরদিন ২০ জুলাই নিহতের চাচা কামাল উদ্দিন ওরফে কমল মিয়া বাদি হয়ে পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার উলুহাটী গ্রামের রবি মিয়া (২৫), মঞ্জিল মিয়া (৪০), সবুজ মিয়া (৪২) ও পেচন্দরী বানীপুর গ্রামের উজ্জ্বল মিয়া (২৫), কাজল মিয়া (৫৫), দিলু মিয়া (৩৫), শামীম মিয়া (২২) সহ ১৪ জনকে আসামি করে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেন। মামলার বাদি কামাল উদ্দিন ওরফে কমল মিয়া জানান, মামলা দায়েরের এক মাস পেরিয়ে গেলেও পুলিশ আসামিদের গ্রেফতার করছে না। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইমদাদুল বাশার গতকাল বুধবার ইত্তেফাককে জানান, স্পট ডেথ হওয়ায় আসামিরা দ্রুত পালিয়ে যায়। তবুও এর মধ্যে অভিযান চালিয়ে মাখমাদুল ইসলাম (২৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।