বর্বরোচিত গ্রেনেড হামলার নবম বার্ষিকীতে নৃশংস হামলায় শহীদদের শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করেছে শোকার্ত জনগণ। বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী জনসভা চলাকালে ২০০৪ সালের ২১ আগস্ট ইতিহাসের জঘন্যতম এ হামলা চালানো হয়। হিংস্র দানবীয় সন্ত্রাসে রক্তে রঞ্জিত হয় বঙ্গবন্ধু এভিনিউ।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি প্রথম শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি দলের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এডভোকেট সাহারা খাতুন, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ও জাহাঙ্গীর কবির নানক, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ শেষে গ্রেনেড হামলার শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থল ত্যাগ করার পরপরই বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা বঙ্গবন্ধু এভিনিউর অস্থায়ী বেদীতে পুষপস্তবক অর্পণ করেন। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নেতৃত্বে জাসদ, ফজলে হোসেন বাদশার নেতৃত্বে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, হারুন চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের সাম্যবাদী দল, হায়দার আকবর খান রনোর নেতৃত্বে বাংলাদেশের কমিউনিস্ট পাটি, অসিত বরণ রায়ের নেতৃত্বে কমিউনিস্ট কেন্দ্রের নেতৃবৃন্দ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এম এ আজিজ ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ, ওমর ফারুক চৌধুরী ও হারুন-অর রশিদ নেতৃত্বে যুবলীগ, নাজমা আখতার এমপি ও অপু উকিল এমপি’র নেতৃত্বে যুব মহিলা লীগ, মোল্লা মো আবু কাওছার ও পংকজ দেবনাথের নেতৃত্বে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, আশরাফুন্নেসা মোশারফ এমপি ও পিনু খান এমপির নেতৃত্বে মহিলা আওয়ামী লীগ, সভাপতি মোতাহার হোসেন মোল্ল¬া ও সাধারণ সম্পাদক এডভোকেট খোন্দকার শামসুল হক রেজার নেতৃত্বে কৃষক লীগ এবং সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের নেতৃত্বে ছাত্রলীগ নেতা-কর্মীরা অস্থায়ী বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও জাতীয় শ্রমিক লীগ, যুবলীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, ছাত্রলীগ মহানগর উত্তর ও দক্ষিণ, বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, জাতীয় গণতান্ত্রিক লীগ, বাংলাদেশ নারী মুক্তি আন্দোলন, মুক্তিযোদ্ধা যুব কমান্ড, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম, ঢাকা সড়ক পরিবহন শ্রমিক লীগ, আওয়ামী মত্স্যজীবী লীগ, আওয়ামী বাস্তুহারা লীগ, হকার্স লীগ, তাঁতী লীগ, বঙ্গবন্ধু আইন পরিষদ, বঙ্গবন্ধু সাহিত্য পরিষদ, তরুণ লীগ,আওয়ামী শিশু-কিশোর যুব জোট, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম, মুক্তিযোদ্ধা জনতা লীগ, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, রিকশা-ভ্যান শ্রমিক লীগ সংগঠনসহ অন্যান্য সংগঠন গ্রেনেড হামলা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে নির্মিত অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
