হিউম্যান রাইটস ওয়াচের বিরুদ্ধে আদালত অবমাননা অভিযোগের শুনানি আজ

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২৩:০৪
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস জারির জন্য রাষ্ট্রপক্ষের করা আবেদনের উপর আজ বৃহস্পতিবার শুনানি অনুষ্ঠিত হবে। গতকাল রাষ্ট্রপক্ষ বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আনলে বিচারপতি এটিএম ফজলে কবীর-এর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ শুনানির জন্য এ দিন ধার্য করেন। এর আগে গত মঙ্গলবার ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া ও জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের মামলার রায়কে ত্রুটিপূর্ণ ও পক্ষপাতমূলক বলে মন্তব্য করায় মানবাধিকার সংস্থাটির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করে ট্রাইব্যুনালে আবেদন করে রাষ্ট্রপক্ষ। মীর কাসেমের বিরুদ্ধে অভিযোগ গঠন সংক্রান্ত আদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করা হবে কি না সে বিষয়ে আগামী ২৯ আগস্ট আদেশ দেবে ট্রাইব্যুনাল। মীর কাসেমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনীত অভিযোগের ওপর উভয় পক্ষের শুনানি শেষে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এদিন নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন ও ব্যারিস্টার তাপস কান্তি বল এবং মীর কাসেম আলীর পক্ষে ব্যারিস্টার তানভির আহমেদ আল আমিন গতকাল শুনানি করেন। কায়সারকে নিয়ে তদন্ত অগ্রগতি প্রতিবেদন এদিকে, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন আগামী ২৩ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষকে দাখিল করতে বলেছেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২। গত ১৫ মে সুষ্ঠু তদন্তের স্বার্থে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতারের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। গ্রেফতার করা হলেও পরে শারীরিক অসুস্থতার কারণে তিনি জামিন পান।