দেশের সকল শিক্ষা অফিস ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্যানেলভুক্ত শিক্ষকরা। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে এ শিক্ষকদের নিয়োগ না দিলে ১৮ সেপ্টেম্বর এ ঘেরাও কর্মসূচি পালন করবেন তারা।
গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির মহাসচিব নাজমুল হক। সম্মেলনে শিক্ষকরা পুলিশি হামলার বর্ণনা ও তীব্র নিন্দা জানান। একই সঙ্গে শিক্ষা পরিবারের সংশ্লিষ্টদের নিকট এর সুষ্ঠু বিচার দাবি করেন প্যানেলভুক্ত শিক্ষকরা।
এম নাজমুল হক লিখিত বক্তব্যে বলেন, গত সোমবার আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হঠাত্ করেই পুলিশ হামলা করে। এতে সাত শিক্ষক গুরুতর আহত হন। ১৫ শিক্ষককে আটক করা হয়। তিনি বলেন, বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের জন্য আমাদের প্যানেলভুক্ত করা হলেও এখন যেহেতু সবই সরকারিকরণ হয়েছে, তাই আমাদেরও সরকারি স্কুলে নিয়োগে কোনো বাধা দেখছি না। একইসঙ্গে প্যানেলভুক্ত হয়ে প্রায় ১৪ হাজার শিক্ষক চাকরি পেলে আমরা কেন পাবো না।
সম্মেলনে জানানো হয়, বেধে দেয়া সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ঘেরাও কর্মসূচির পর আমরণ অনশন কমসূচি পালন করা হবে। এ ছাড়া উপস্থিত শিক্ষকরা তাদের নিয়োগের দাবিতে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেন। সম্মেলনে সংগঠনের সভাপতি অপু সরকার, মিজানুর রহমান, ফারজানা ইয়াসমীন, মোছলেহ উদ্দিন, শামীম আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
