যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল সামরিক মহড়ায় অংশ নিচ্ছে চীন

আপডেট : ২২ আগস্ট ২০১৩, ২১:০৩
যুক্তরাষ্ট্রের সাথে বিরল সামরিক মহড়ায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি শেষ করেছে চীনা নৌবাহিনী। মহড়ায় অংশগ্রহণের জন্য মঙ্গলবার চীনের তিনটি জাহাজ কিংডাও বন্দর থেকে পূর্বদিকে রওনা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে মহড়ার পরে চীনা নৌবাহিনীর জাহাজ তিনটি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সাথে একইরকম মহড়ায় অংশগ্রহণ করবে। -খবর ডন ডটকমের। ‘অনুসন্ধান ও উদ্ধার’ নামে যুক্তরাষ্ট্র ও চীনের ঐ নৌমহড়াটি যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে অনুষ্ঠিত হবে। দুই দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও চীনের নেতা শি জিনপিং চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি শীর্ষ সম্মেলনে মিলিত হন। নৌমহড়াটি সেই সম্মেলনের প্রতিশ্রুতিরই ফল বলে জানিয়েছেন চীনের নৌবহিনীর উপপ্রধান। চীনের সামরিক বাহিনীর সংবাদপত্র পিপলস লিবারেশন আর্মি ডেইলি পত্রিকায় তিনি এই মহড়াটিকে ‘সামরিক কূটনীতির গুরুত্বপূর্ণ মিশন’ বলে মন্তব্য করেছেন। নৌমহড়ায় অংশগ্রহণের জন্য চীনের জাহাজগুলো এমন এক সময় রওনা দিয়েছে যখন চীনা প্রতিরক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। সেখানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল ও তিনি উভয় দেশের মধ্যে সামরিক সহায়তা বৃদ্ধির কথা বলেছেন। হেগেল আরো জানিয়েছেন, ফেব্রুয়ারিতে পেন্টাগনের প্রধান দায়িত্বশীল ব্যক্তি হওয়ার পর তিনি আগামী বছর প্রথমবারের মতো চীন সফরে আসবেন। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র এবং চীনের সামরিক বাহিনীর মধ্যে সামরিক কর্মকর্তা বিনিময় প্রক্রিয়া চালু রয়েছে।