ধেয়ে আসছে সৌরকণা
সূর্য থেকে অতি উত্তপ্ত কণাস্রোতের মেঘ সরাসরি এগিয়ে আসছে পৃথিবীর দিকে। এর গতিবেগ ঘন্টায় ৩৩ লাখ কিলোমিটার। এই মহাজাগতিক ঘটনার পেছনে রয়েছে শক্তিশালী এক সৌরঝড়। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, এটি সৌরজগতের এমন এক ঘটনা যার ফলে কয়েকশ’ কোটি অতি উত্তপ্ত কণা মহাকাশে ছড়িয়ে পড়ে। পৃথিবীকে তাক করে সূর্য থেকে এসব কণা ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। দুই-একদিনের মধ্যে এই কণাসে্রাতের মেঘ পৃথিবীতে পৌঁছাতে পারে। —পিটিআই
লেননের ক্লোন তৈরির চেষ্টা
রক মিউজিকের পথিকৃত জন লেননের ক্লোন বানানোর চেষ্টা করছেন বিজ্ঞানীরা। তারা লেননের দাঁত থেকে ডিএনএ নিষ্কাশন করে তা দিয়ে ক্লোন তৈরির কথা ভাবছেন। ২০১১ সালে কানাডার দন্ত চিকিত্সক মাইকেল জুক ব্রিটেনের একটি নিলাম থেকে ৩০ হাজার মার্কিন ডলার দিয়ে লেননের দাঁত কিনেন। মার্কিন একটি গবেষণাগারে বর্তমানে ডা.জুক একদল বিজ্ঞানীর সঙ্গে সেই দাঁত থেকে লেননের জিনের গঠনগত সংকেতের হদিশ বের করার চেষ্টা করছেন। বিজ্ঞানীরা আশা করছেন অচিরেই তারা লেননের প্রতিরূপ গঠনে সক্ষম হবেন। — পিটিআই
প্রকাশ্যে ‘এরিয়া ৫১’
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ সমপ্রতি তাদের বেশকিছু গোপন নথি প্রকাশ করেছে। প্রকাশিত এসব নথির মধ্যে দেশটির নেভাডা অঙ্গরাজ্যে ‘এরিয়া ৫১’ নামে পরিচিত যে এলাকাটিতে ভিনগ্রহের প্রাণী এলিয়েন দেখার গুজব ছিল, তা সত্য নয় বলে উল্লেখ করা হয়েছে। আসলে এরিয়া ৫১ এলাকাটি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমান পরীক্ষার গোপন জায়গা হিসাবে ব্যবহূত হত। এবারই প্রথম সরকারের কোনো নথিতে এ বিষয়ে স্পষ্ট কোন তথ্য জনগণের সামনে প্রকাশ করা হলো।
— বিডিনিউজ
