আড়াইহাজারে আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে উপজেলার সর্বত্রই সাজ সাজ রব বিরাজ করছে। আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।
জানা যায়, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে উপজেলা পরিষদসহ সকল সরকারি অফিস নতুন করে সাজানো হয়েছে। আড়াইহাজারের আওয়ামী লীগের নেতাকর্মীরাও চাঙ্গা হয়ে উঠেছে।
স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু জানান, ২৪ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা আড়াইহাজারে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট-এর প্রধান কার্যালয়, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট ও উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।
এসময় তিনি উপজেলা সার্কিট হাউজ ও অডিটরিয়াম উদ্বোধন করবেন। উদ্বোধনী কার্যক্রম শেষে দুপুরে শহীদ মঞ্জুর স্টেডিয়ামে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় ভাষণ দিবেন।
