মালয়েশিয়ায় বাস খাদে পরে এক বাংলাদেশিসহ ৩৭ জন নিহত হয়েছেন। নিহত বাংলাদেশি রফিক আলী ভূইয়া বাচ্চু (৫৫) রাজধানীর ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ছিলেন। তিনি কানাডা প্রবাসী এবং পরিবারসহ মালয়েশিয়ায় বেড়াতে গিয়েছিলেন। এ দুর্ঘটনায় তার স্ত্রী রাশিদা ভূঁইয়া (৫০) ও দুই ছেলে রওনক আরেফিন (১৪) ও রেজওয়ান আরেফিনসহ (২২) চার বাংলাদেশি আহত হয়েছেন। আহত অন্য বাংলাদেশির নাম আলী হায়দার। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
ঢাকায় প্রাপ্ত খবরে জানা যায়, গত বুধবার বিকালে মালয়েশিয়ার পাহাং রাজ্যের গেন্টিং পাহাড়ি এলাকায় ৫৩ জন যাত্রী নিয়ে একটি বাস রাস্তা থেকে ছিটকে ২০০ ফুট নিচে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ৩৭ জন নিহত হন। এ সময় চারজন বাংলাদেশিসহ ১৬ জনকে আহত অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে। কুয়ালালামপুরের বাংলাদেশ মিশন মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে। এদিকে মালয়েশিয়ার দমকল বাহিনীর কর্মকর্তা ক্রিস্টোফার চোংয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, নিহতদের মধ্যে ২৪ জন পুরুষ ও ১৩ জন নারী। এই বাস দুর্ঘটনাকে দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্ঘটনা হিসেবে গণমাধ্যমগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি মালয়শিয়ার সড়ক পরিবহন কর্তৃপক্ষের কালো তালিকাভুক্ত ছিল বলে মালয় মেইল অনলাইনের খবরে বলা হয়েছে। হতাহতদের মধ্যে বাংলাদেশ, চীন, ভারত ও থাইল্যান্ডের নাগরিক রয়েছেন। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শওকত আলী গভীর শোক প্রকাশ করেছেন।
