বগুড়ায় র্যাবের অভিযানে বিপুল অস্ত্রসহ গ্রেফতার ৩

আপডেট : ২২ আগস্ট ২০১৩, ২২:৫৮
বগুড়ায় র্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে একটি করে সাব-মেশিন গান (এসএমজি), লাইট-মেশিন গান (এলএমজি), পিস্তল, ৮০ রাউণ্ড গুলি ও চারটি ম্যাগজিন রয়েছে। এছাড়াও ৮টি ধারালো চাকু, ৩টি চাইনিজ কুড়াল, দুইটি রাম দা ও ২৯টি রড উদ্ধার হয়েছে। সেই সঙ্গে পাওয়া গেছে চার বস্তা জিহাদী বই ও বেশ কয়েকটি ডায়েরি। জিহাদী বই ও ডায়েরি উদ্ধার হওয়ায় ধারণা করা হচ্ছে, তারা কোন জঙ্গি সংগঠনের সদস্য। র্যাবের একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে শহরের ঠনঠনিয়া জবানি স্কুল লেনের একটি বাড়িতে অভিযান চালানো হয়। দেওয়ান ভিলা নামে তিন কক্ষের ওই বাড়িতে অভিযানকালে ওই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এসময় সেখানে অবস্থানরত ৩ জনকে গ্রেফতার করা গেলেও একটি জানালার গ্রিল ভেঙে আরো অন্তত ১৮ জন পালিয়ে যায়।