মুম্বাইয়ে ফটো সাংবাদিককে গণধর্ষণ

আপডেট : ২৩ আগস্ট ২০১৩, ২১:০২
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ধর্ষণের শিকার হয়েছেন ২২ বছর বয়সী এক নারী ফটো সাংবাদিক। বন্ধ হয়ে যাওয়া একটি মিলের ছবি তুলতে গিয়ে পাঁচ পাষণ্ডের শিকার হন তিনি। বৃহস্পতিবার রাত প্রায় ৮টার দিকে দক্ষিণ মুম্বাইয়ের নামা পারেল এলাকায় এ ঘটনা ঘটে বলে এনডিটিভি জানিয়েছে।— খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। ক্ষতবিক্ষত ওই সাংবাদিককে মুম্বাইয়ের যাসলক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে চিকিত্সকরা জানিয়েছেন। এনডিটিভির খবরে বলা হয়, একটি সাময়িকীতে কর্মরত এই সংবাদকর্মী নামা পারেলের বন্ধ হয়ে যাওয়া শক্তি মিলে এক ছেলেবন্ধুসহ অ্যাসাইনমেন্টে গিয়েছিলেন। ওই সময় দুই ব্যক্তি তাকে হেনস্থা করে মারধর শুরু করলে এর প্রতিবাদ করেন তার বন্ধু। কিন্তু তাকে বেঁধে ফেলে ওই নারী সংবাদকর্মীকে টেনে হিঁচড়ে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায় দুষ্কৃতকারীরা। ঘটনাস্থলে আরো তিনজনকে ডেকে নিয়ে এসে পাঁচজনে মিলে ধর্ষণ করে ওই ফটো সাংবাদিককে। ভুক্তভোগীদের বিবৃতি অনুযায়ী পাঁচ সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থলের আশপাশ থেকে বিশজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িতদের চারজনের বয়স বিশের কাছাকাছি বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীদের মধ্যে দু’জন একে অপরকে রুপেশ ও সাজিদ নামে সম্বোধন করছিল বলে নির্যাতিতা জানিয়েছেন। শুক্রবার সকালে তার বন্ধুকে নিয়ে পুলিশ ঘটনাস্থল শক্তি মিল পরিদর্শনে যায়। শক্তি মিলের পাশেই মহালক্ষ্মী রেল স্টেশন। ধর্ষণের পর দুষ্কৃতকারীরা ট্রেনে করে পালিয়ে গেছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।