মানিকগঞ্জে ডিজিটাল বিলবোর্ডের ছড়াছড়ি

আপডেট : ২৩ আগস্ট ২০১৩, ২১:২৭
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বিভিন্ন রাস্তাঘাট, হাটবাজার ডিজিটাল বিলবোর্ডে ছেয়ে গেছে। উপজেলা সদরের বিভিন্ন গাছে যেন বিলবোর্ডের ছড়াছড়ি। প্রতিটি গাছে ৮/১০টি বিলবোর্ড, ব্যানার, এমনকি রাস্তার এপার-ওপারে টানানো হয়েছে ডিজিটাল ব্যানার। এছাড়া পাকা দেয়াল দখল করে পোস্টার লাগানো হয়েছে। এসব বিলবোর্ড, সাইনবোর্ড ও ব্যানারে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের পরিচিতি, শুভেচ্ছা, জনসভাসহ কোচিং সেন্টার, বেসরকারি ক্লিনিক, হোমিও কমপ্লেক্স, নানা ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের হরেক রকম বিজ্ঞাপন দেয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ব্যয়বহুল এসকল ডিজিটাল বিলবোর্ড, সাইনবোর্ড, ফেস্টুন বিশেষ করে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যবহার করছে। এসব সাইনবোর্ডের মাধ্যমে পরিচিত, অল্প পরিচিত ও অপরিচিত নেতাকর্মীরা তাদেরকে পরিচিত করার চেষ্টা করছে। এছাড়া দলীয় পদবীবিহীন অনেকেই নিজেকে পরিচিত করার জন্য বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক রহমান, জয়সহ নিজ নিজ এলাকার এমপি, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের ছবি ব্যবহার করছে।