প্রকাশিত সংবাদে বিজিবি’র ব্যাখ্যা

আপডেট : ২৩ আগস্ট ২০১৩, ২২:১৪
গত ৪ আগস্ট ‘মাটিরাঙ্গায় পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত এক ব্যাখ্যায় বলা হয়েছে, গত ৩ আগস্ট খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং এলাকায় ৪/৫ জন পাহাড়ির কামাল নামে একজন বাঙালি মোটর সাইকেল চালককে অপহরণের ঘটনাকে কেন্দ্র করে বাঙালিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার সুযোগ নিয়ে কিছু উচ্ছৃংখল স্বার্থান্বেষী চক্র পাহাড়িদের ঘরে অগ্নিসংযোগ করে। ঘটনার সাথে সাথে উক্ত এলাকার দায়িত্বপ্রাপ্ত ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন তাদের সকল ক্যাম্প থেকে সর্বশক্তি নিয়োগ করে বিজিবি সদস্যদের ঐ এলাকায় মোতায়েন করে এ উদ্ভুত পরিস্থিতি তার অত্যন্ত দক্ষতার সাথে মোকাবেলা করে এলাকায় শান্তি-শৃংখলা ফিরিয়ে আনে। বিজিবির তাত্ক্ষণিক ব্যবস্থা গ্রহণের ফলে পাহাড়িদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগের ঘটনা দ্রততার সাথে নিয়ন্ত্রণসহ যে কোন ধারনের সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করা সম্ভব হয়। বিজিবি তাত্ক্ষণিক ব্যবস্থা গ্রহণ না করলে অনাকাঙ্ক্ষিত ঘটনার বিস্তার ঘটতে পারতো-এ কথা বলার অপেক্ষা রাখে না। অত্যন্ত দুর্গম ঐ পাহাড়ি এলাকার বাড়ি-ঘরে অগ্নিসংযোগের সংবাদ পাওয়া মাত্রই বিজিবির ১৫টি টহল দল ঐ এলাকায় অবস্থান গ্রহণের পর থেকে ২৪ ঘন্টা এলাকার জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করে চলেছে।