যারা বিরাজনীতিকরণ করে গণতন্ত্র নষ্ট করে তাদের বিষয়ে সজাগ থাকতে হবে

আপডেট : ২৩ আগস্ট ২০১৩, ২২:৫৫
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এখন দেশকে যারা আবার পিছনের দিকে নিয়ে যেতে চায়, যারা বিরাজনীতিকরণ করে, দেশের গণতন্ত্রকে নষ্ট করতে চায়, তাদের প্রতিহত করতে সবাইকে সজাগ থাকতে হবে। বাংলাদেশ বর্তমানে যেভাবে শক্তিশালী হয়েছে—সব কিছু মিলিয়ে এখন দেশ সামনের দিকে এগিয়ে যাবে। চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের গাজীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত মহিলা সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মহিলা সমাবেশের বক্তৃতায় তিনি বলেন, নৌকায় ভোট দিলে মানুষ শান্তিতে থাকতে পারে। মানুষ খাবার পায়, ছেলে-মেয়ের পড়া লেখা হয়, চিকিত্সা সেবা পায় ও রাস্তাঘাটের উন্নয়ন হয়। তিনি আরো বলেন, আপনাদের ভোট পেয়ে আমি যে ধরনের কাজ করেছি আগামী দিনে এ ধারা অব্যাহত রাখতে চাই। তাই বাকি কাজ শেষ করতে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে সুযোগ করে দেবেন। এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরশ্বাদ মিয়াজীর পরিচালনায় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।