নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়কে গতকাল শুক্রবার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এসময় আটকা পড়া শত শত যানবাহনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়কের মিলনস্থল উপজেলার গোলাকান্দাইল চৌরাস্তা ধীর গতিতে অতিক্রমের ফলে বেলা বাড়ার সাথে সাথে যানজটও বাড়তে থাকে। এক পর্যায়ে ঢাকা-সিলেট মহাসড়কের তারাব সুলতানা কামাল সেতু থেকে পাঁচরুখী ব্রিজ ও ঢাকা বাইপাস সড়কের বস্তল থেকে কাঞ্চন এলাকা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় ঢাকা বাইপাস সড়কে শত শত মালবাহী ট্রাক, কনটেইনার, লড়ি আটকা পড়ে ।
স্থানীয় একটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জানান, জটিল রোগী নিয়ে দ্রুত ঢাকা প্রেরণ করা হলেও সময় মতো পৌঁছতে না পারায় রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। পরবর্তীতের ওই রোগীকে অক্সিজেন দিয়ে বিকল্প সড়ক হিসেবে ভুলতা-মুড়াপাড়া-খিলক্ষেত সড়কে ঢাকায় প্রেরণ করা হয়।
অন্যদিকে গতকাল প্রচণ্ড গরম থাকায় যাত্রীদের দুর্ভোগ কয়েকগুণ বৃদ্ধি পায়। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, রোড ডিভাইডার ও গোলাকান্দাইল চৌরাস্তায় ফ্লাইওভার না হওয়া পর্যন্ত যাত্রীদের এ ধরনের যানজটের কবলে পড়তে হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪ কি. মি. দীর্ঘ যানজট
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও কাঁচপুর ব্রিজ এলাকায় গতকাল চার ঘন্টাব্যাপী ৪ কিঃ মিঃ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৮টি জেলার শত শত যানবাহন রাস্তায় আটকে পড়ে। কাঁচপুর ব্রিজের উপর একটি মালবাহী কাভার্ডভ্যান বিকল হয়ে পড়লে এই যানজটের সূত্রপাত হয় বলে ট্রাফিক ইন্সপেক্টর জানান।
মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও কাঁচপুর ব্রিজ এলাকায় যানজট দেখা দেয়। পরবর্তীতে তা মৌচাক, শিমরাইল, কাঁচপুর ব্রিজ ও কাঁচপুর বাসস্ট্যান্ড ও নয়াবাড়ী পর্যন্ত ছড়িয়ে পড়লে শত শত যানবাহন আটকা পড়ে। এসময় যানজটে আটকে পড়ে দুর্ভোগে পড়তে হয় হাজার হাজার যাত্রীকে। পরে শিমরাইল মোড়ে গিয়ে চট্টগ্রাম ও সিলেট অভিমুখী লেনে তীব্র যানজট দেখা গেছে। এ যানজট কমপক্ষে ৪ কিলোমিটার রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে।
শিমরাইলে কর্মরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জানান, কাঁচপুর ব্রিজের উপর একটি মালবাহী কাভার্ডভ্যান বিকল হয়ে পড়লে যানজটের সৃষ্টি হয়। পরে রেকারের মাধ্যমে বিকল কাভার্ডভ্যানটি সরিয়ে নেয়া হলে যান চলাচল শুরু হয়।
