যশোরে ছাত্রলীগ অফিসে বোমা বিস্ফোরণ

আপডেট : ২৩ আগস্ট ২০১৩, ২৩:০২
যশোর শহরের বাবলাতলা আঞ্চলিক ছাত্রলীগ অফিসে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বোমা হামলার পাশাপাশি গুলিবর্ষণ এবং একজন কর্মীর আহত হবার দাবি করলেও পুলিশ এ ব্যাপারে কোনো প্রমাণ পায়নি। যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল জানান, শুক্রবার দুপুরে শামীমসহ তিনজন ছাত্রলীগ কর্মী বাবলাতলা আঞ্চলিক ছাত্রলীগ কার্যালয়ে ছিলেন। এ সময় ওই এলাকার টাক শিপন, হাস লিটন, সেতু, কসাই ফারুক, রবিউল, জুয়েল, এশাসহ ১০-১২ জন দুর্বৃত্ত ওই কার্যালয়ে হামলা চালায়। চারটি বোমার বিস্ফোরণের পর তারা ছয় থেকে সাত রাউন্ড গুলিবর্ষণ করে বলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক দাবি করেছেন। তিনি আরো দাবি করেন, বোমার স্প্লিন্টারে শামীম আহত হন এবং দুর্বৃত্তরা ওই অফিসে ভাংচুর চালায়। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যান যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক। তিনি জানান, ঘরের ভিতরে নয়, টিনের ওপর একটি বোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। স্থানীয়রা তাকে চারটি বোমা ও কয়েক রাউন্ড গুলিবর্ষণের কথা জানালেও তিনি তার আলামত কিংবা আহত কাউকে খুঁজে পাননি।