বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলন নিয়ে বৈঠক দুই কোরিয়ার

আপডেট : ২৪ আগস্ট ২০১৩, ২১:২৭
১৯৫০-৫৩ সালে সংঘটিত কোরীয় যুদ্ধের কারণে কয়েক দশক ধরে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলোর পুনর্মিলন নিয়ে শুক্রবার উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রতিবেশী দেশ দু’টি সমপ্রতি আন্তঃসীমান্ত উত্তেজনা নিরসনে সচেষ্ট হওয়ার প্রেক্ষিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। ২০১০ সালের নভেম্বরে দক্ষিণ কোরিয়া সীমান্তে উত্তর কোরিয়া গোলাবর্ষণ করার পর পুনর্মিলন কর্মসূচি বাতিল হয়ে যায়। কর্মসূচিটি আবার আরম্ভ হওয়ায় এটি প্রতীকী হলেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। সীমান্তবর্তী পানমুনজম গ্রামে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। এখানেই ১৯৫৩ সালে দু’পক্ষের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।