ঢাকার যাত্রাবাড়ির সাবেক ৮৭, বর্তমান ৫১ নম্বর ওয়ার্ডের মীরহাজীরবাগের অতি পুরনো এবং ১৮ ফুট প্রশস্ত রাস্তাটি মীরহাজীরবাগ আবু হাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল রোডের দক্ষিণ-পূর্বে অবস্থিত। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটিতে হাঁটুপানি জমে যায়। রাস্তার দুপাশে গড়ে ওঠা বহুতল ইমরাতের বাসিন্দাসহ ব্যবসায়ীদের পড়তে হয় চরম বিপাকে। রাস্তার দুপাশে প্রত্যেকটি ভবনের নিচতলায় সীটের দোকান, দ্বিতীয় ও তৃতীয় তলায় নানা ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। মীরহাজীরবাগ এলাকা বর্তমানে আবাসিক নয় বাণিজ্যিক বলা যায়। ঢাকা সিটি করপোরেশন এই এলাকা থেকে বিপুল অঙ্কের কর আদায় করলেও নিশ্চয়তা নেই নাগরিক সুযোগ-সুবিধার। বরং স্যুয়ারেজ পাইপের উপচেপড়া ময়লা পানি অতিক্রম করতে যাতায়াতকারীদের কঠিন বিড়ম্বনার শিকার হতে হয়। রিকশাগুলো এ রাস্তায় আসতে চায় না। নির্বাচিত ওয়ার্ড প্রতিনিধিদের ওয়ার্ডের ভালোমন্দ, সুবিধা-অসুবিধা কিংবা নাগরিক সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেই বললেই চলে। অথচ প্রশাসক দ্বারা পরিচালিত ঢাকা সিটি কর্পোরেশন (দক্ষিণ)-এর নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বহীনতা ও পর্যবেক্ষণের অভাবেই রাস্তাটি এই অবস্থা। যা হোক, স্যুয়ারেজের সমস্যা দূর করে রাস্তাটি যথাশীঘ্র সম্ভব সংস্কারের ব্যবস্থা করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আতিকুর রহমান সেলিম,
১৭৯ মীর হাজিরবাগ,যাত্রাবাড়ি, ঢাকা ১২০৪
