জাবি ভিসি চতুর্থ দিনেও অবরুদ্ধ

আপডেট : ২৪ আগস্ট ২০১৩, ২২:৪৩
ভিসির পদত্যাগ দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা টানা চতুর্থ দিনের মতো গতকাল শনিবারও ভিসি অধ্যাপক আনোয়ার হোসেনকে অবরুদ্ধ করে রাখেন। ভিসিকে পদত্যাগের আহবান জানিয়েছেন অধিকাংশ ডিন, সিনেট ও সিন্ডিকেট সদস্য, প্রভোস্ট ও বিভাগীয় সভাপতিরা। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে ক্যাম্পাসে মিছিল করেছেন শিক্ষার্থীরা। সংকট নিরসনে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকে যোগ দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। শনিবার বিকাল ৫টায় বাসভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে সংকট নিরসনে বৈঠকে বসেন শিক্ষক ফোরামের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন শিক্ষক ফোরামের আহবায়ক অধ্যাপক হানিফ আলী। প্রতিনিধি দলে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আমীর হোসেন, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ কামরুল আহসান, গণিত ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক আবুল হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফ উদ্দিন, অধ্যাপক নুরুল আলম, ফোরামের সদস্য সচিব অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক মাফরুহী সাত্তার প্রমুখ। গতকাল সকালে সাংবাদিকদের ভিসি বলেন, শিক্ষকরা আমার পদত্যাগের যে দাবি করছে তা সম্পূর্ণ অনৈতিক ও অন্যায্য। তারা যে অভিযোগ করেছে তার সত্যতার জন্য তদন্ত করলে আমার কোনো আপত্তি নেই। এর জন্য আমি রাষ্ট্রপতিকেও অনুরোধ করেছি। এদিকে গতকাল শনিবার বেলা ১১টায় ভিসিকে অবরুদ্ধ রেখে প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে শিক্ষক ফোরামের সদস্য সচিব অধ্যাপক কামরুল আহসান জানান, বিশ্ববিদ্যালয়ের ৬ জন সিন্ডিকেট সদস্য, ৬ জন ডিনের মধ্য ৫ জন, শিক্ষক প্রতিনিধি ৩৩ জন সিনেট সদস্যদের মধ্যে ২৯ জন, প্রভোস্ট ১৫ জনের মধ্যে ১২ জন এবং বিভাগীয় সভাপতি ৩৪ জনের মধ্যে ২৫ জন ভিসির পদত্যাগ দাবি করেছেন।