একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। ঢাকা-১২, চট্টগ্রাম-১০ ও পাবনা-১ আসনে লড়বেন দলটির তিন নেতা। গতকাল মঙ্গলবার রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
গণসংহতির প্রার্থীদের মধ্যে দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ঢাকা-১২ (তেজগাঁও) আসনে স্বতন্ত্র প্রতীকে নির্বাচন করবেন। আর বাম গণতান্ত্রিক জোটের প্রতীক ‘কোদাল’ মার্কায় দলটির কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য হাসান মারুফ নির্বাচন করবেন চট্টগ্রাম-১০ আসনে। অন্যদিকে সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু লড়বেন পাবনা-১ আসন থেকে। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জোনায়েদ সাকি বলেন, নির্বাচন কমিশন এখন পর্যন্ত যা যা করেছে তাতে তারা জনগণের আস্থা অর্জন করতে পারেনি। তারপরও আন্দোলনের অংশ হিসেবে এই নির্বাচনে অংশ নিচ্ছে গণসংহতি আন্দোলন।
