প্রজন্ম আয়োজন

লাঞ্ছিত মানবতার চিত্র

আপডেট : ২৫ আগস্ট ২০১৩, ২০:২১
একটি স্থিরচিত্র সময়ের কথা বলে, সভ্যতার কথা বলে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ন্যায়-অন্যায়ের ব্যবধান। মানবতা যখনই বিপন্ন তখনই নতুন প্রজন্ম এগিয়ে এসেছে নতুন উদ্যমে। এবার তেমনই একটি আলোকচিত্র প্রদর্শনী হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের চত্বরে। ‘রক্তাক্ত বাংলাদেশ :লাঞ্ছিত মানবতা’ শিরোনামে এই আলোকচিত্র প্রদর্শনীতে উঠে এসেছে রাজনৈতিক নানা সহিংসতায় বাংলাদেশের ক্ষত-বিক্ষত ছবি, রক্তাক্ত ছাপ্পান্ন হাজার বর্গমাইলের ছবি, লাঞ্ছিত মানবতার চিত্র। এ নিয়ে আমাদের এবারের আয়োজন। ইতিহাস থমকে দাঁড়িয়েছে। ঘড়ির কাঁটা গেছে ঘুরে পেছনের দিকে। রাজনৈতিক প্রতিহিংসা, সাম্প্রদায়িক সন্ত্রাস, পাশবিকতা। বিভিন্ন সময়ে সারাদেশে যে সাম্প্রদায়িক এবং রাজনৈতিক হত্যাকাণ্ড ও বীভত্স নির্যাতন চলেছে, তার প্রামাণ্য দলিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-এর প্রাঙ্গণে হয়ে গেল আলোকচিত্র প্রদর্শনী ‘রক্তাক্ত বাংলাদেশ :লাঞ্ছিত মানবতা’। মুক্তিযুদ্ধেও চেতনাকে বুকে নিয়ে গড়ে ওঠা সংগঠন ‘জাতীয় যুব পরিষদ’-এর উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। মোট ১৩১টি আলোকচিত্র নিয়ে আয়োজিত এ প্রদর্শনীটি শুরু হয় ১৯ আগস্ট, সোমবার থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এ প্রদর্শনীর উদ্বোধন করেন। মানবতার চূড়ান্ত অবমাননার এ স্মারকগুলো নগরের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। নানা সহিংসতা ছাড়াও, বিভিন্ন রাজনৈতিক হত্যাকাণ্ড এবং শিক্ষাপ্রতিষ্ঠানে দখলের অপরাজনীতির অনেক স্থিরচিত্রই উঠে এসেছে এই আলোকচিত্র প্রদর্শনীতে। মানুষের নীতিবোধের দরজায় নতুনভাবে কড়া নেড়েছে এই প্রদর্শনীটি। বিবেকের বোতামগুলো খুলে গেছে একে একে। প্রতিটি ছবি মগজের কোষে কোষে জমে থাকা বিষের অপসারণ করে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য নতুনভাবে লড়াই করবে বাঙালি, এ প্রত্যয় ব্যক্ত করেই প্রদর্শনীটি শেষ হয়। জাতীয় যুব পরিষদের আহ্বায়ক নবেন্দু সাহা জয় বলেন, ‘‘রক্তাক্ত বাংলাদেশ :লাঞ্ছিত মানবতা’ শিরোনামে এ প্রদর্শনীটি আয়োজিত হবে সারা দেশে। রাজধানী ঢাকার বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যেই এ প্রদর্শনীটি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’