প্র জ ন্মে র ফে স বু ক

আপডেট : ২৫ আগস্ট ২০১৩, ২০:২২
একসময় ফটোগ্রাফি ছিলো আর্ট কিংবা পোর্ট্রেট কিংবা ফ্যামিলি ফটোগ্রাফির মধ্যে সীমাবদ্ধ। ধীরে ধীরে ডালপালা তৈরি হয়েছে ফটোগ্রাফির। বিভিন্ন সেগমেন্ট তৈরি হয়েছে। শুধু তাই নয়, অনেকে এসব সেগমেন্ট কাজ করে উপার্জনও করেন। ফটোগ্রাফির এইসব ধারাগুলোর একটি হলো ওয়েডিং ফটোগ্রাফি। একসময় ওয়েডিং ফটোগ্রাফি তেমন গুরুত্ব পেত না। ফটোগ্রাফারদের বলা হতো ক্যামেরাম্যান। তবে সেই সময়টা আর নেই, পাল্টে গেছে প্রেক্ষাপট। আজকাল অনেকেই বিয়ের ফটোগ্রাফিতে গুরুত্ব দেন। কারণ বিয়ের মধুর স্মৃতি ধরে রাখার জন্য এর চেয়ে উত্তম মাধ্যম আর কিছু হতে পারে না। কিছু প্রতিষ্ঠান এবং পেশাদার ফটোগ্রাফার আছেন, যারা আপনার বিয়েটা স্মরণীয় করে রাখতে সাহায্য করতে পারে। এমনই একজন হলেন এ প্রজন্মের তরুণ ফটোগ্রাফার ইশরাত আমিন। তিনি মনে করেন ফটোগ্রাফি শুধুই প্রফেশনাল কোনো বিষয় নয়, সেটা কারও সাথে সম্পর্ক স্থাপনের একটা মাধ্যমও। সেই সাথে এর মাধ্যমে ধরে রাখা যায় প্রিয় মুহূর্তগুলোও। এই ধারণা নিয়ে ইশরাত যাত্রা শুরু করেন ফটোগ্রাফির হাত ধরে। চলার পথে পেয়েছেন সফলতাও। তিনি মনে করেন, সৌন্দর্য শুধু ছবিতে নয়, সুন্দর ছবির জন্য প্রয়োজন কম্পোজিশন ও পরিবেশও। আর তাই তিনি কাজে ফুটিয়ে তোলার চেষ্টা করেন মানুষের স্বাভাবিক সৌন্দর্য। ওয়েডিং ফটোগ্রাফার হিসেবে বেশ ভালোই জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি খুব অল্প সময়েই। বিশেষ করে ক্রিয়েটিভ কাজের জন্য অনেকেই চেনে তাকে। পরিচিতদের গণ্ডি পেরিয়ে চেনা-অচেনা অনেকের মাঝেই ওয়েডিং ফটোগ্রাফার হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। ফেসবুকের পেইজে গেলে তার জনপ্রিয়তার কিছু চিহ্ন পাওয়া যায়। আর তার ফটোগ্রাফির সেবা পাওয়ার জন্য বন্ধুদের যেতে হবে তার ফেসবুকের পেইজে।