নিহত বিজিবি সদস্যদের পরিবারবর্গকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর

আপডেট : ২৫ আগস্ট ২০১৩, ২১:১৪
জামায়াত-শিবির কর্মীদের হামলায় নিহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্যের পরিবার রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আর্থিক সহায়তা গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী তার তেজগাঁওস্থ কার্যালয়ে বিজিবির নিহত দুই সদস্যের প্রত্যেক পরিবারের কাছে ১০ লাখ টাকার সেভিং সার্টিফিকেট হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের একথা জানান। নিহত বিজিবি সিপাহী লাবলু হোসেনের বাবা আবদুস সোবহান এবং নিহত জেসিও নায়েব সুবেদার শাহ আলমের স্ত্রী নাসরিন আক্তার আলেয়া এই সেভিং সার্টিফিকেট গ্রহণ করেন। এ সময় প্রধানমন্ত্রী তাদেরকে সমবেদনা জানিয়ে বলেন, তিনি মনে করেন এই আর্থিক সহায়তায় তাদের অর্থনৈতিক কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়ের বিরুদ্ধে জামায়াত-শিবির কর্মীদের বিক্ষোভের সময় তাদের হাতে বিজিবির এই দুই সদস্য নিহত হন।