নান্দাইলে ইটভাটা মালিক ও বিএনপি নেতা আজিজুর রহমান কামালকে (৪৫) গত ২১ জুলাই রাতে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। কামাল হত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবিতে গতকাল রবিবার নান্দাইল উপজেলা পরিষদের সামনের মহাসড়কে কয়েক হাজার লোক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে বক্তব্য রাখেন, নান্দাইলের মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল, রাজগাতীর বিএনপি নেতা সোলেমান মিয়া, আব্দুল রশিদ মাস্টার, জাতীয় পার্টির নেতা মোজাহিদ উদ্দিন ভূঁইয়া খোকন, পাইকুড়া বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়া লিটন প্রমুখ।
বক্তারা অবিলম্বে উলুহাটির সম্রাট (২২), আউটারগাতীর সুজনসহ (২০) সকল আসামী গ্রেফতারের দাবি জানান। নান্দাইলের ওসি (তদন্ত) জাকির হোসেন জানান, নিহতের মটরসাইকেলটি উদ্ধার হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
