অপহরণের ১০ দিন পর গতকাল রবিবার সকালে রামগঞ্জ থানা পুলিশ পা বাঁধা অবস্থায় হাজীগঞ্জ-রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের মাঠ থেকে মাইনউদ্দিন শামীম (২০) নামের এক ছাত্রের লাশ উদ্ধার করে। নিহত শামীম চাঁদপুরের হাজীগঞ্জ মডেল কলেজ হতে এ বছর এইচএসসি পাস করে। তার পিতা সিরাজুল ইসলাম মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য। নিহতের বাবা জানান, ১৫ আগস্ট সন্ধ্যা থেকে ছেলে নিখোঁজ হয়। তার কোনো সন্ধান না পাওয়ায় হাজীগঞ্জে সাধারণ ডায়রি করেন। অপহরণকারীরা বিভিন্ন মোবাইল নম্বর থেকে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পেলে অপহরণকারীরা শামীমকে হত্যা করার হুমকি দেয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় জখম ছিল। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ঝিনাইদহে ৫৬ জনের বিরুদ্ধে খুনের মামলা
ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান, ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানারুদ্দিন মন্ডল হত্যাকাণ্ডের ৪৮ ঘন্টা পর শনিবার সন্ধ্যায় মামলা হয়েছে। নিহতের স্ত্রী রেবেকা বেগম বাদী হয়ে ৫৬ জনকে আসামি করে এ মামলা করেন। জানা যায়, আসামিদের মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির লোক ছাড়াও সন্ত্রাসীদের নাম আছে। বৃহস্পতিবার গোয়ালপাড়া বাজার থেকে বাইসাইকেল যোগে আর্য নারায়ণপুর গ্রামের বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা পানামী গ্রামের ভিতর গুলি ও কুপিয়ে তাকে হত্যা করে।
কলমাকান্দায় গলা কেটে শিশু হত্যা
নেত্রকোনা প্রতিনিধি জানান, কলমাকান্দা উপজেলা সদরের পশ্চিম বাজারের ব্যবসায়ী সুমন মল্লিকের ৬ বছরের শিশু পুত্র বিশাল মল্লিককে রবিবার দুপুরে দুর্বৃত্তরা জবাই করে হত্যা করেছে। ঘটনার সময় বাবা সুমন মল্লিক বাজারের দোকানে ছিলেন এবং মা শিক্ষিকা চন্দনা মল্লিক স্কুলে ছিলেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সুমনের তিন ভাই ও বৌদিকে আটক করেছে। আটককৃতরা হলেন, অনিল মল্লিক, প্রণব মল্লিক, অলক মল্লিক এবং অর্পিতা মল্লিক।
গোবিন্দগঞ্জে সংঘর্ষ একজন নিহত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল রবিবার জমিজমা নিয়ে সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। উপজেলার বড়গাঁও গ্রামের ধনা মন্ডলের পুত্র জাবেদ আলীর সাথে প্রতিবেশী ডাব্লিউ মিয়ার সাড়ে ৭ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। ডাব্লিউ মিয়া মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দুপুরে ভাড়া করা লোকজন নিয়ে বিবাদমান জমির ধান তুলে ফেলার চেষ্টা করে। এসময় জবেদ আলী তাতে বাঁধা দিলে সংর্ঘষ বাধে। এতে পতিপক্ষের হামলায় জবেদ আলী (৬৫) নিহত ও ৫ জন আহত হয়।
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় একজন খুন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চৌদ্দগ্রামে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় গত শনিবার রাতে বখাটেরা আবদুুল ওয়াদুদ মিয়াজী নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। চিকিত্সাধীন অবস্থায় সে ঢাকা মেডিক্যাল কলেজের আইসিইউতে মারা যায়। তিনি চিওড়া ইউনিয়নের চিলপাড়া গ্রামের মৃত আবদুল জলিল মিয়াজীর ছেলে। মামলা সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট সন্ধ্যায় আবদুল ওয়াদুদ মিয়াজীর স্ত্রী নাছিমা বেগম, জেসমিন আক্তার ও শারমিন আক্তার চিলপাড়া-মনতলী ব্রিজসংলগ্ন ছাদেকের বাড়ি যাওয়ার পথে ব্রিজের ওপর বসা বখাটে মাছুম, শাহিন, কামাল, মহিন তাদের সাথে অশালীন আচরণ করে এবং গতিরোধ করে। খবর পেয়ে আবদুল ওয়াদুদ ও ইলিয়াছ মিয়াজী ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদ জানালে বখাটেরা তাদেরকে মারধর করে। পরে বিষয়টি অভিভাবক পর্যায় জানালে বখাটেরা পুনরায় চাপিরতলা রাস্তায় আবদুল ওয়াদুদসহ তাদেরকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। আবদুল ওয়াদুদকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। গত শনিবার রাতে সে মারা যায়। পুলিশ জানায়, নিহতের ভাই আব্দুল আহাদ মিয়াজী ১৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছে।
হাজীগঞ্জ-রামগঞ্জ সীমান্তে অজ্ঞাত যুবকের লাশ
হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা জানান, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নোওয়াগাঁও মাঠে মাটিতে পুতে রাখা যুবকের লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ। শনিবার বিকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোওয়াগাঁও ও হাজীগঞ্জের ডাটরা শিবপুর এলাকার স্থানীয় লোকজন যুবকের লাশটি দেখতে পায়। দিনভর হাজীগঞ্জ ও রামগঞ্জ সীমানার নির্ধারণ নিয়ে বিতর্ক শেষে রামগঞ্জ থানা পুলিশ রাত ৮টায় লাশ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী হুমায়ন কবির জানান, লাশটির মাথার অংশ মাটিতে পুতে রাখা হয়েছে। পরণে জিন্সের প্যান্ট ও পায়ের হাটুতে রশি দিয়ে বাঁধা ছিল।
