গত ১২-৮-২০১৩ তারিখে দৈনিক ইত্তেফাকের চিঠিপত্র বিভাগে ‘ডেসকো এক বকরিকে কয়বার জবাই করবে?’ শিরোনামের পত্রটি ডেসকো কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। সর্বসাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড সুনির্দিষ্ট একটি নিয়ম ও প্রক্রিয়া অনুযায়ী নির্ধারিত সময় অন্তে গ্রাহক পর্যায়ে মিটার রিডিং সংগ্রহ করে সম্পূর্ণ কম্পিউটারাইজড বিলিং পদ্ধতির মাধ্যমে বিল প্রস্তুত করে গ্রাহকগণের কাছে তা প্রতিমাসে প্রদান করে থাকে। এখানে একই ইউনিটের বিল মাসে দু’বার আদায় করার কোনো সুযোগ নেই। ফলে গ্রাহকের অজান্তে লাখ লাখ টাকার মুনাফা লোটা অথবা গ্রাহক হয়রানির কোনো প্রশ্নই আসে না। সুনির্দিষ্ট কোনো হিসাব নম্বর উল্লেখ না করে ডেসকো সম্পর্কে এহেন মন্তব্য অনভিপ্রেত এবং তা বাঞ্ছনীয় নয়। উল্লেখ্য যে, গ্রাহকগণের সার্বিক সেবা প্রদানের লক্ষ্যে ডেসকো তার প্রতিটি বিক্রয় ও বিতরণ বিভাগে One Point Service Center-এর মাধ্যমে সার্বিক সহযোগিতা প্রদান করে আসছে।
মো. আরজাদ হোসেন,
সহ ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত),
২২/বি, ফারুক সরণি, নিকুঞ্জ-২, ঢাকা
