‘আই হ্যাভ এ ড্রিম’

সেই ভাষণের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা

আপডেট : ২৫ আগস্ট ২০১৩, ২২:৪৯
কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের সেই বিখ্যাত ভাষণ ‘আই হ্যাভ এ ড্রিম’-এর সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হচ্ছে। গত শনিবার ওয়াশিংটন ডিসিতে এ উপলক্ষে আয়োজিত এক শোভাযাত্রায় অংশ নেন হাজার হাজার মানুষ। তাদের কণ্ঠে ছিল অভিন্ন সুর বুকে অভিন্ন আশা। তারা বলেছে ভোটাধিকারের কথা, বলেছে আগ্নেয়াস্ত্র-সহিংসতা প্রতিরোধের কথা নারী অধিকার ও অভিবাসন প্রক্রিয়া সংস্কারের কথা। খবর বিবিসি ও টাইম ম্যাগাজিনের। শোভাযাত্রায় অংশ নেয়া যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার বলেন, ‘আমি ও প্রেসিডেন্ট বারাক ওবামা আজ এই স্থানে আসতে পারতাম না, যদি না সেদিন মার্টিন লুথার কিং আন্দোলন করতেন।’ এদিকে মার্টিন লুথার কিং জুনিয়রের ভাষণের ৫০ বছর পূর্তির খবরটি বেশ ফলাও করে প্রকাশ ও প্রচার করছে আন্তর্জাতিক গণমাধ্যম। আজ সোমবার প্রকাশেয় টাইম ম্যাগাজিনের সব কটি মুদ্রিত সংস্করণে প্রচ্ছদ করা হয়েছে মার্টিন লুথার কিংকে নিয়ে। ১৯৬৩ সালের ২৮ আগস্ট মার্টিন লুথার কিং জুনিয়র তার সেই বিখ্যাত ভাষণটি যে স্থানে দিয়েছিলেন সেই ন্যাশনাল মলের লিংকন মেমরিয়ালে আগামী বুধবার এক অনুষ্ঠানে ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্টিন লুথার সেদিন প্রায় আড়াই লাখ মানুষের সামনে ভাষণটি দিয়েছিলেন। ওবামা সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও জিমি কার্টারকে সঙ্গে নিয়ে বুধবার অনুষ্ঠানে অংশ নেবেন। ঠিক যখন মার্টিন লুথার কিং জুনিয়র ভাষণটি দিয়েছিলেন ঠিক সেই ক্ষণটিতে ঘন্টা বেজে উঠবে গির্জায় গির্জায়। মার্টিন লুথার কিং জুনিয়র ভাষণে সেদিন দিয়েছিলেন সেই অমর বাণীটি, ‘আমার একটি স্বপ্ন আছে যে আমার ছোট চার সন্তান একদিন এমন একটি দেশে বাস করবে যেখানে গায়ের চামড়ার রং না দেখে বরং তাদের চরিত্র দেখেই তাদের মূল্যায়ন করা হবে।’ শনিবার ন্যাশনাল মলের লিংকন মেমোরিয়াল থেকে ওয়াশিংটন মনুমেন্ট অভিমুখে শোভাযাত্রাটি মার্টিন লুথার কিং জুনিয়র স্মৃতিসৌধের পাশ দিয়ে যায়। ৪০টি সংগঠনের পক্ষ থেকে প্রায় এক লাখ মানুষের উপস্থিতি প্রত্যাশা করছিলেন আয়োজকেরা। আফ্রিকান আমেরিকান ছাড়াও শোভাযাত্রায় বিপুল সংখ্যক শেতাঙ্গ আমেরিকান অংশ নেন। শোভযাত্রায় অংশ নেন মার্টিন লুথার কিং জুনিয়রের বড় ছেলে তৃতীয় মার্টিন লুথার কিং। তিনি বলেন, ‘আমাদের কাজ এখনো শেষ হয়নি। আমাদের যাত্রা এখনও সর্ম্পূণ হয়নি। আমাদের আরো অনেক কিছু করতে হবে।’ আরো বক্তৃতা করেন, গত বছর ফ্লোরিডায় গুলিতে নিহত কৃষ্ণাঙ্গ ট্রাইভন মার্টিনের অবিভাবকরা। সমপ্রতি ট্রাইভনের খুনি শেতাঙ্গ জর্জ জিমারম্যানকে আদালত নিদোর্ষ বলে রায় দেয়।