নাচ, পড়াশুনা কিংবা থিয়েটারে যাওয়ার মতো কর্মকাণ্ডগুলো স্বাস্থ্যের জন্য ভাল। স্কটল্যান্ডের এক নতুন সরকারি গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। গবেষণায় দেখা গেছে, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে যারা নাচে অংশ নেন তাদের ক্ষেত্রে সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় ৬২ শতাংশ বেশি।
২০১১ সালের ‘হাউজহোল্ড সার্ভে’র তথ্যের ভিত্তিতে এ বছর গবেষণাটি পরিচালিত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। এতে দেখা গেছে, মঞ্চনৃত্য, নাটকসহ এ ধরনের সাংস্কৃতিক কাজে অংশ নেয়া মানুষ অন্যদের তুলনায় সুস্বাস্থ্যের অধিকারী হয় এবং জীবনে স্বস্তি পেয়ে থাকে। এমনকি বয়স, অর্থনৈতিক অবস্থা, আয়, শিক্ষা এবং অক্ষমতার মতো বিষয়গুলো থাকার পরও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী ও কল্যাণকর। গবেষণায় এ তথ্যই বেরিয়ে এসেছে।
