পাক-ভারত সীমান্তে উত্তেজনা

নিয়ন্ত্রণ রেখার কাছে সব সরকারি দপ্তর বন্ধ করেছে পাকিস্তান

আপডেট : ২৬ আগস্ট ২০১৩, ২১:০২
ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় উভয় দেশের সামরিক বাহিনীর মধ্যে উত্তেজনার কারণে রবিবার নিয়ন্ত্রণ রেখার কাছে সব সরকারি দপ্তর বন্ধ করার নির্দেশ দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান সরকারের নির্দেশে বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখার তিন কিলোমিটারের মধ্যে সব দপ্তর অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে হবে। পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনের বরাত দিয়ে ভারতের হিন্দুস্থান টাইমস এ খবর জানিয়েছে। রবিবার কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাদের ছোঁড়া গোলার হামলায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরাবাদে দুই নারী নিহত ও সাতজন বেসামরিক নাগরিক আহত হওয়ার পর পাকিস্তান এ নির্দেশ দিল। এর আগে ভারত দাবি করেছিল, পাকিস্তানি সেনাদের হামলায় একদিনেই নিহত হয়েছে পাঁচ ভারতীয় সেনাসদস্য। ২০০৩ সালের নভেম্বর মাসে নিয়ন্ত্রণ রেখায় অস্ত্রবিরতিতে সম্মত হয়েছিল ভারত ও পাকিস্তান। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে উভয়পক্ষই পরস্পরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে। পাকিস্তান অবশ্য ধারাবাহিকভাবে বলছে, আলোচনার মাধ্যমেই সীমান্ত সমস্যার সমাধান করতে হবে।