বাগদাদ ও ইরাকের উত্তরাঞ্চলে রবিবার ধারাবাহিক হামলায় ৪৮ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানো সত্ত্বেও কর্তৃপক্ষ তাদের দমনে ব্যর্থ হওয়ায় সহিংসতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এসব হামলা চালানো হয়।
রবিবার বাগদাদ এলাকা এবং ইরাকের উত্তরাঞ্চলীয় সুন্নি আরব অধ্যুষিত বিভিন্ন শহর ও নগরীতে হামলা চালানো হয়। তবে এসবের মধ্যে রাজধানী বাগদাদে চালানো হামলা ছিল সবচেয়ে ভয়াবহ। সরকারি কর্মকর্তারা জানান, বাগদাদ ও এর উপকণ্ঠে স্থানীয় সময় বিকেল ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে এসব বোমা হামলা চালানো হয়। এসবের মধ্যে দুইটি গাড়ি বোমা ও রাস্তার পাশে পেতে রাখা একটি বোমার বিস্ফোরণে নয়জন নিহত ও ২২ জন আহত হয়। বাগদাদে অপর দুইটি বোমা হামলায় নয়জন নিহত ও ২৯ জন আহত হয়।
