প্রাথমিক শিক্ষা হলো সকল শিক্ষার মূল ভিত্তি। ১৯৭৩ সালে এক ঘোষণার মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করা হয়। সেই থেকে প্রাথমিক শিক্ষা উন্নয়নে নানামুখি কর্মসূচি বা প্রকল্প গ্রহণ করা হয়েছে। শিক্ষা ক্ষেত্রে সময়োপযোগী পদক্ষেপ নেয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষা নামে পৃথক মন্ত্রণালয় গঠন করা হয়। মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদটি ননগেজেটড থেকে দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ করা হয়। উপজেলা শিক্ষা অফিসার পদ দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ করা হয়। পিটিআই ইনস্ট্রাক্টর পদগুলো ননগেজেটেড থেকে ধাপে ধাপে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ করা হয়। সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের পদোন্নতির মাধ্যমে উপজেলা শিক্ষা অফিসার করা হচ্ছে। শুধু তাই নয়, ধারাবাহিকভাবে পদোন্নতির প্রক্রিয়া অব্যাহত রয়েছে। অথচ প্রাথমিক শিক্ষকদের সমস্ত পদোন্নতি এবং আপগ্রেডেশন থেকে বঞ্চিত করা হচ্ছে। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়সমূহে সিংহভাগ শিক্ষক উচ্চশিক্ষিত। কিন্তু তাদের নিয়ে কেউ বিন্দুমাত্র চিন্তা-ভাবনা করেন না। উচ্চ যোগ্যতা সম্পন্ন শিক্ষকদের ধরে রাখতে হলে পদোন্নতি এবং মানসম্মত বেতন স্কেল দেয়া প্রয়োজন। এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
এ কে এম আবদুল মজিদ
প্রধানশিক্ষক, কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাড়াশ, সিরাজগঞ্জ
