দেশের বিভিন্ন স্থানে পানিতে ডুবে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নওগাঁয় ২, ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ২, ময়মনসিংহের ফুলপুরে ও সিরাজগঞ্জের শাহজাদপুরে একজন করে শিশু মারা গেছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের।
নওগাঁ
নওগাঁয় খেলা করার সময় বাড়ির পার্শ্বে পুকুরের পানিতে পড়ে শাফিকুল ইসলাম ও মিনহাজুল ইসলাম নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। রবিবার সকালে সদর উপজেলার ফারাদপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে । পল্লী চিকিত্সক আব্দুল মজিদ জানান, তার ২২ মাস বয়সের শিশু মিনহাজুল ইসলাম সৈকত ও চাচাত ভাই আশরাফুল ইসলামের আড়াই বছর বয়সের শিশু ছেলে শাফিকুল ইসলাম সকালে বাড়ির পার্শ্বে খেলা করার সময় পুকুরের পানিতে পড়ে যায়। সাথে সাথে শিশু দুইটিকে পানি থেকে তোলার পরও বাঁচানো সম্ভব হয়নি।
শাহজাদপুর (সিরাজগঞ্জ)
শনিবার সন্ধ্যায় উপজেলার বানতিয়ার গ্রামের আব্দুল জলিলের পুত্র সিফাত (৫) বাঁশের সাঁকো পার হতে গিয়ে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়।
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ)
উপজেলার পারফলশী গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হচ্ছে জুয়েল হোসেনের ছেলে হূদয় (৪) ও উজ্জলের ছেলে টনি হোসেন (৫)। থানার ওসি হারুন অর রশিদ জানান, রবিবার দুপুরে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করার এক পর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে মারা যায়। পরে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
ফুলপুর (ময়মনসিংহ)
উপজেলার মাহমুদপুরে পানিতে ডুবে দুই বছরের শিশু হোসেনের মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্র জানায়, রবিবার বিকালে শিশুটি হঠাত্ অভিভাবকদের অগোচর হয়। আশপাশে খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে বাড়ির পুকুরে খোঁজ করলে তার লাশ পাওয়া যায়। শিশু হোসেন গ্রামের রুবেল মিয়ার পুত্র।
