সরকার চাইলে রাজনৈতিক সংকট নিরসনে সমঝোতার উদ্যোগ নিতে রাজি আছেন দেশের একমাত্র নোবেল বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীকের নেতৃত্বে নেতৃবৃন্দ গতকাল সোমবার সকালে গ্রামীণ ব্যাংক ভবনে ইউনূস সেন্টারে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাত্ করতে গেলে তাদের সঙ্গে মতবিনিময় শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মুহাম্মদ ইউনূস বলেন, আমার কাছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসছেন। গ্রামীণ ব্যাংক এবং দেশের অবস্থা নিয়ে তাদের সঙ্গে কথা হচ্ছে। সরকারের তরফ থেকেও যদি কেউ আসে এবং সমঝোতার উদ্যোগ নেয়ার কথা বলে, তাহলে আমি সেটা করতে পারি।
‘জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হওয়া উচিত’ এমন অভিমত পুনরুল্লেখ করে এই অর্থনীতিবিদ বলেন, যে পদ্ধতিতে নির্বাচন হলে দেশের মানুষের শান্তি নিশ্চিত হয় সে পদ্ধতিতেই নির্বাচন হতে হবে। এ নিয়ে সমঝোতার উদ্যোগের যত দেরি হবে অশান্তি ততই বাড়বে।
এ সময় তিনি আরো বলেন, দেশের অর্ধেক জনসংখ্যাই এখন তরুণ। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে আজ এসব তরুণের ভবিষ্যত্ অনিশ্চিত হয়ে যাচ্ছে। তাদের ভবিষ্যত্ অন্ধকারের দিকে ঠেলে না দেয়ার জন্য তিনি রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান। তিনি দীর্ঘস্থায়ী শান্তির জন্য রাজনীতিবিদদের সমঝোতায় পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেন।
মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম সাংবাদিকদের কাছে ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসা করে বলেন, দেশের সংকট সমাধানে তার সাহায্য আমাদের দরকার। তিনি সারাবিশ্বে দারিদ্র্য নিরসনে প্রশংসনীয় ভূমিকা রাখছেন। বাংলাদেশেও সংকট সমাধানে তার সাহায্য নিতে হবে। দেশের বর্তমান সংকট কাটাতে হলে নির্দলীয় সরকারের অধীনে একটি ভয় ভীতিহীন পরিবেশে নির্বাচন প্রয়োজন।
