কক্সবাজারে দুই সন্তানকে বিষ পান করিয়ে পিতার আত্মহত্যা

আপডেট : ২৬ আগস্ট ২০১৩, ২৩:০৮
দুই শিশু সন্তানকে বিষপান করিয়ে নিজেও বিষপানে আত্মহত্যা করেছেন পিতা শাহ আলম (৩৩)। দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার বিকালে কক্সবাজার শহরের বিডিআর ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, স্থানীয় মৃত বাদশা মিয়ার ছেলে শাহ আলম। পারিবারিক কলহের জের ধরে ৫ দিন আগে তার স্ত্রী বুলবুল আকতার তাদের দুই শিশু সন্তান জন্নাতুল ফেরদৌস (৬) ও ফয়সালকে (২) ফেলে বাপের বাড়ি চলে যায়। স্ত্রীর সাথে অভিমান করে তিনি বিষপান করেন। তাকে কক্সবাজার সদর হাসপাতালে আনার পর মৃত্যু হয়। শাহ আলম মাইকে ঘোষণার কাজ করতেন। জন্নাতুল ফেরদৌস একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী। সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন জানান, শাহ আলম স্ত্রীর সাথে অভিমান করে এমন ঘটনা ঘটিয়েছে। তার লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে নিকট আত্মীয়ের কাছে হস্তান্তর করেছে পুলিশ।