নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ডিবি পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে পুকুরে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার রাতে ডিবির অভিযানের পর সোমবার সকালে এলাকার লোকজন ওই ব্যক্তির লাশ উদ্ধার করে বিক্ষোভ দেখায়। নিহতের পরিবার এ ঘটনার জন্য ডিবি পুলিশকে দায়ী করলেও ডিবি পুলিশ অভিযানের বিষয়টি অস্বীকার করেছে।
মৃত ব্যক্তির নাম মান্নান মিয়া (৪২)। সে ফতুল্লার চাঁদমারী বস্তি এলাকাতে বসবাস করতো। তার গ্রামের বাড়ি জামালপুর জেলায়। এলাকাবাসী মান্নানকে মাদক বিক্রেতা হিসেবে দাবি করলেও তার পরিবার বলছে সে একজন নির্মাণ শ্রমিক।
মান্নানের স্ত্রী আন্না বেগম সাংবাদিকদের জানান, রবিবার দিনগত রাত ২টায় ডিবি পুলিশের সদস্য মনির, সাইফুল, আশরাফুলসহ আরো কয়েকজন মান্নানের ঘরে অভিযান চালায়। এ সময় মান্নানকে ছেড়ে দিতে ডিবি পুলিশ ২ লাখ টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে মান্নান ঘরের পেছনের জানালা দিয়ে লাফ দেয়। সকালে পুকুর থেকে ভেসে উঠে মান্নানের লাশ। এ ঘটনায় আশপাশের লোকজন সকাল ৯টায় মান্নানের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, এলাকাবাসীর অভিযোগ ডিবির টিম ধাওয়া দিলে মান্নান পানিতে ডুবে মারা যায়। সকালে এলাকার লোকজন লাশ নিয়ে বিক্ষোভ করার সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, রাতে আমাকে অবহিত করে কোন টিম অভিযান চালায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
