ফুলবাড়ি চুক্তির ছয় দফা বাস্তবায়নের দাবি

আপডেট : ২৬ আগস্ট ২০১৩, ২৩:১৫
তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই ফুলবাড়ি চুক্তির ছয় দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন। গতকাল সোমবার স্থানীয় নিমতলা মোড়ে আয়োজিত ফুলবাড়ি দিবসের খনিবিরোধী সমাবেশে তিনি বলেন, এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রমাণ করতে হবে তিনি যা অঙ্গীকার করেন তা পূরণ করেন। আর যদি সেটা না করেন তাহলে শুধু ফুলবাড়িবাসীর কাছেই নয়, গোটা জাতি এবং নিজের কাছেও তিনি অঙ্গীকার ভঙ্গকারী হিসেবে বিবেচিত হবেন। তিনি আরো বলেন, তত্কালীন চারদলীয় জোট সরকারের সঙ্গে সম্পাদিত ছয় দফা সমঝোতা ফুলবাড়ি চুক্তি বাস্তবায়ন করতে যে কোন সরকার বাধ্য। তত্কালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার অনুযায়ী এই ছয় দফা চুক্তি বাস্তবায়ন করার কথা। কিন্তু বর্তমান সরকারের সাড়ে চার বছর অতিবাহিত হলেও সেই চুক্তি বাস্তবায়ন করা হচ্ছে না। উপরন্তু এশিয়া এনার্জি ফুলবাড়ির কয়লা সম্পদকে নিজের মালিকানাধীন দাবি করে লন্ডনের শেয়ার মার্কেটে বেচাকেনা করলেও এ বিষয়ে সরকার রহস্যজনক কারণে কোন পদক্ষেপ নিচ্ছে না। ফুলবাড়ি শাখা তেল গ্যাস জাতীয় কমিটির আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহিদুল্লাহ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি’র রুহিন হোসেন প্রিন্স, জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস, ওয়ার্কার্স পার্টির রাগিব আহসান মুন্না, কমিউনিস্ট লীগের মোশাররফ হোসেন নান্নু প্রমুখ। দিবসটি পালন উপলক্ষে একটি শোকর্যালি বের করা হয়। র্যালি শেষে শহীদদের স্মরণে নির্মিত শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।