দাম না পেয়ে ধানখেতে আগুন

সেই কৃষকের ধান কেটে দিল শিক্ষার্থীরা

আপডেট : ১৫ মে ২০১৯, ২২:৪১

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের কৃষক আব্দুল মালেকের ধান কেটে দিয়েছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুরে জেলার সরকারি সা’দত কলেজ, মাওলানা মোহাম্মদ আলী কলেজ, লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজসহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এ কাজে অংশ নেন। শ্রমিকের মূল্যবৃদ্ধি ও ধানের দাম কম হওয়ায় আব্দুল মালেক প্রতীকী প্রতিবাদ হিসেবে গত রবিবার নিজের ধান খেতে আগুন দেন। ঘটনাটি দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি করে। ইত্তেফাকে এ নিয়ে সংবাদও প্রকাশিত হয়।

লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের শিক্ষার্থী রাফি বলেন, গণমাধ্যমে জানতে পারি শ্রমিকের মূল্য বেশি হওয়ায় ধান কাটতে না পেরে পাকা ধান খেতে আগুন ধরিয়ে প্রতিবাদ করেছেন মালেক কাকা। মানবিক বিবেচনা থেকে আমরা তাঁর খেতের ধান কেটে দিয়েছি। মাওলানা মোহাম্মদ আলী কলেজের শিক্ষার্থী মো. আল আমিন বলেন, প্রায় দেড় মণ ধানের দাম দিয়ে একজন ধান কাটা শ্রমিকের মজুরি হয়। সেই দিক বিবেচনা করে আমরা ধান কেটে দিয়েছি।

এ বিষয়ে কৃষক আব্দুল মালেক বলেন, শ্রমিক না পাওয়ায় ও ধানের দাম কম হওয়ায় প্রতিবাদ হিসাবে খেতে আগুন দিয়েছিলাম। শিক্ষার্থীরা ধান কেটে দেওয়ায় আমি অনেক খুশি।