প্রতারণার অভিযোগ

কুমিল্লায় আইসিএল এমডিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ২২:১৭
কুমিল্লার আদালতে আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (আইসিএল) ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ৯ জনের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলাটি দায়ের করেন জেলার নাঙ্গলকোট উপজেলার পরিকোট গ্রামের আমিনুল হক মোল্লা। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, আইসিএল’র এমডি এইচএনএম শফিকুর রহমানসহ অন্য কর্মকর্তাদের আশ্বাসে এক লাখ টাকায় মাসে ২ হাজার টাকা লভ্যাংশ পাওয়ার আশায় মামলার বাদী আমিনুল হক মোল্লা ২০১০ সালের ১ আগস্ট থেকে বিভিন্ন সময়ে আইসিএলের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ধনিজকরা শাখায় মোট ৭ লাখ টাকা জমা রাখেন। কিন্তু কিছুদিন পর লভ্যাংশ প্রদান বন্ধ করে দেয়া হয়। গত ২০ আগস্ট ধনিজকরা শাখায় গিয়ে টাকা ফেরত চাইলে আসামিরা বাদীর কাছ থেকে ডিপোজিটের ৭ লাখ টাকা গ্রহণ, লভ্যাংশ এবং টাকা গ্রহণের রশিদের বিষয়টি অস্বীকার করেন। মামলায় আইসিএল’র এমডি এইচএনএম শফিকুর রহমান, পরিচালক কাজী ফখরুল ইসলাম, কাজী সামছুন নাহার মিনা, আশরাফুল ইসলাম ইমরান, শেখ আহাম্মদ, মো. আবুল হাসেম এবং ধনিজকরা শাখার ম্যানেজার আনিছুল খায়ের, মো. রুহুল আমিন ও অফিসার মমিনুল ইসলামকে আসামি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে চৌদ্দগ্রাম থানার ওসিকে অভিযোগটি এফআইআর হিসেবে রেকর্ড করার জন্য নির্দেশ দেন।