বিএনপি নেতা সাবেক এমপি এম. ইলিয়াস আলীর সন্ধান দাবি করে বিএনপি ও অঙ্গ সংগঠন আবারো মাঠে নেমেছে। তাদের দেয়া কর্মসূূচিতে সিলেটের রাজনৈতিক ময়দান আবারো উত্তপ্ত হতে যাচ্ছে। কাল (২৯ আগস্ট) সিলেট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে স্বেচ্ছাসেবক দল ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ। এদিকে জেলা বিএনপিও এই হরতালকে সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছে।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি দিলদার হোসেন সেলিম এবং সাধারণ সম্পাদক আব্দুল গফফার এক বিবৃতিতে দলীয় নেতা-কর্মীদের এদিন ধৈর্যের সাথে কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে বলেছেন, ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় ফিরিয়ে না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে।
অন্যদিকে বিশ্বনাথ উপজেলা বিএনপি ইলিয়াস আলীর সন্ধান এবং বিএনপি‘র ৯২ জন নেতা-কর্মীর মুক্তির দাবিতে মাঠে সোচ্ছার। নেতারা বলেছেন, এদের মুক্তি না দিলে ৩ সেপ্টেবর বিশ্বনাথে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে। গত সোমবার বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ বলেছেন, হামলা-মামলা গ্রেফতার ও নির্যাতন চালিয়ে এম ইলিয়াস আলীর সন্ধান আন্দোলন দমন করা যাবে না। ১৬ মাস আগে ইলিয়াস আলী নিখোঁজ হলে গত বছরের ২৩ এপ্রিল বিশ্বনাথে পুলিশ-জনতা সংঘর্ষ হয়। এই সংঘর্ষে দায়ের করা মামলায় গত রবিবার সিলেটের আদালতে ৯৮ নেতা-কর্মী হাজির হয়ে জামিন চাইলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়। এ সময় ৬ জন উধাও হয়ে যায়।
গত ১৭ আগস্ট ইলিয়াস আলী নিখোঁজের ১৬ মাসপূর্তির দিন সমাবেশ করে এই হরতালের ডাক দেয় স্বেচ্ছাসেবক দল ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ।
এদিকে খালেদা জিয়া ও তারেক রহমানের মামলা প্রত্যাহার ও এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবিতে স্বেচ্ছাসেবক দল ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদসহ বিএনপি অঙ্গসংগঠন সমূহের আহূত ২৯ আগস্ট সিলেটে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থন জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের ১৩ জন কাউন্সিলর।
