সৗদি আরবের কাছে ১৩০০ ক্লাস্টার বোমা বিক্রি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা বিভাগও অস্ত্র পাঠাবে বলে নিশ্চিত করেছে। অস্ত্রের মূল্য ৬৪১ মিলিয়ন ডলার। এদিকে, অস্ত্র নিয়ন্ত্রণ সমর্থনকারী সংস্থাগুলো এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছে। তারা বলছে, খোদ আমেরিকা দ্বৈত নীতি গ্রহণ করছে। একদিকে তারা এই অস্ত্র ব্যবহার বন্ধের কথা বলছে, অন্যদিকে নিজেরাই অস্ত্র বানিয়ে বিক্রি করছে। বেসামরিক ব্যক্তিদের দীর্ঘমেয়াদী ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে সম্প্রতি ৪০টি দেশ ক্লাস্টার বোমা নিষিদ্ধ করেছে।— খবর আল জাজিরার।
অস্ত্র সংক্রান্ত আমেরিকার যে আইন আছে সমপ্রতি তা আরো কঠোর করা হয়েছে। ওই আইনে বেসামরিক ব্যক্তিদের নিরাপত্তায় যুদ্ধক্ষেত্রে ক্ষয়ক্ষতির প্রভাব কমিয়ে আনার কথা বলা হয়েছে। সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির বিষয়টি ওই আইনে টেকনিক্যালি বৈধ হলেও অস্ত্র নিয়ন্ত্রণে কাজ করছে এমন সংস্থার সদস্যরা জানিয়েছে, যুদ্ধক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ এই ধারণা দিচ্ছে এই অস্ত্র বিক্রি ওই আইনের ধারা লঙ্ঘন করছে। সারাবিশ্বে এই বোমা নিষিদ্ধের ব্যাপারে কঠোর প্রচেষ্টা চালানো হচ্ছে।
